দীপাবলির বাজারে বাজিমাত ঝালমুড়ির, গেরুয়া রঙে মাতোয়ারা বাজি প্রেমীরা!

দীপাবলির বাজারে নতুনের হাতছানি: ‘গেরুয়া’ বাজি ও ‘ঝালমুড়ি’তে মজে ক্রেতারা
নিজস্ব প্রতিবেদন: দীপাবলি ও কালীপুজোকে সামনে রেখে বাজির বাজারে নতুনত্ব নিয়ে এসেছে বেলুড়ের প্রখ্যাত ‘বুড়িমা’ বাজি সংস্থা। পরিবেশবান্ধব বা গ্রিন ক্র্যাকার্স তৈরির সরকারি নির্দেশিকা মেনেই এবার বাজির পসরা সাজিয়েছে তারা। চলতি বছর ক্রেতাদের বিশেষ আকর্ষণের কেন্দ্রে রয়েছে ‘ঝালমুড়ি বাজি’ এবং গেরুয়া রঙের আতশবাজি।
বুড়িমা বাজি সংস্থার কর্মকর্তাদের দাবি, ‘ঝালমুড়ি বাজি’ ফাটলে ছোট ছোট মুড়ির দানার মতো আলোর ঝলকানির পাশাপাশি মুড়ির মতো মচমচে শব্দ শোনা যাবে। নতুন এই বাজি নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। পাশাপাশি, গেরুয়া রঙের চাহিদাকে মাথায় রেখে এবার বিশেষ গুরুত্ব পেয়েছে ‘গেরুয়া ফুলঝুরি’ এবং ‘গেরুয়া শেল’। এই শেল আকাশে ফাটলে চারপাশ গেরুয়া আলোয় আলোকিত হয়ে উঠবে।
সংস্থার সদস্য সুমিত দাস জানান, গত বছরের মতো এবারও ড্রোন ও হেলিকপ্টার বাজির চাহিদা তুঙ্গে। এছাড়া কম ডেসিবেলের ২৫ শটের বাজি এবং আকাশে ২৫ রকমের আলোর কারসাজি দেখানো ‘ড্রাগন ২৫’ বাজি নিয়েও ক্রেতাদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। ছোটদের জন্য বাজারে আনা হয়েছে বিভিন্ন রঙের আলো ছড়ানো ‘ককটেল তুবড়ি’।
উল্লেখ্য, অতিরিক্ত বৃষ্টির কারণে এবার উৎপাদন অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হয়েছে। তা সত্ত্বেও বুড়িমার কারখানায় সাধারণ ক্রেতা ও পাইকারি বিক্রেতাদের ভিড় অব্যাহত রয়েছে। উত্তরপাড়া থেকে আসা ক্রেতা দেবব্রত চৌধুরীর কথায়, গেরুয়া বাজির ভেলকি দেখার আগ্রহ থেকেই তিনি এখানে এসেছেন। আবার শ্রীরামপুরের বাসিন্দা নন্দিনী চক্রবর্তী তাঁর সন্তানের আবদার মেটাতেই কিনতে এসেছেন নতুন এই ‘ঝালমুড়ি বাজি’। সব মিলিয়ে উৎসবের মরশুমে নতুন ধরনের বাজির হাত ধরে বাজিমাত করার অপেক্ষায় রয়েছে বুড়িমা বাজি সংস্থা।