কুলিক ফরেস্টে নাবালিকার পচাগলা দেহ উদ্ধার, নৃশংস এই ঘটনায় তোলপাড় রায়গঞ্জ!

কুলিক ফরেস্টে নাবালিকার পচাগলা দেহ উদ্ধার, নৃশংস এই ঘটনায় তোলপাড় রায়গঞ্জ!

 

রায়গঞ্জে নাবালিকার দেহ উদ্ধার, তদন্তে পুলিশের বিশেষ দল

নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ: রায়গঞ্জের কুলিক ফরেস্টের গভীর জঙ্গল থেকে এক নাবালিকার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহটি এমন অবস্থায় ছিল যে শরীরের চামড়া খসে পড়ছিল এবং তাতে পোকার উপদ্রব দেখা দেয়। এই হাড়হিম করা দৃশ্য দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

ঘটনার খবর পাওয়া মাত্রই তদন্তে নামে রায়গঞ্জ পুলিশ। উচ্চপর্যায়ের তৎপরতায় মাঝরাতেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকের উপস্থিতিতে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ মর্গে নাবালিকার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের ছয়টি বিশেষ টিম মাঠে নেমেছে। তারা শহরের বিভিন্ন প্রান্তের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তদন্তের খাতিরে রাত সাড়ে ১২টা নাগাদ আব্দুল ঘাটা বাঁধ সংলগ্ন এলাকায় অভিযান চালান উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য, এই বাঁধের মাত্র এক কিলোমিটার দূরেই কুলিক ফরেস্টের ভেতরে দেহটি পাওয়া গিয়েছিল।

তদন্তের মোড় ঘোরে রাত দু’টো নাগাদ, যখন রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন একটি এলাকা থেকে নিখোঁজ নাবালিকার সাইকেলটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ওই এলাকাটি মূলত চোরাই মালের কারবার কেন্দ্র হিসেবে পরিচিত। সিসিটিভি ফুটেজ ও সাইকেল উদ্ধারের স্থানের মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা।

নাবালিকাকে যৌন নির্যাতন চালিয়ে খুন করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এলেই স্পষ্ট হবে। এদিকে, এই নৃশংস ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজ। পুলিশ জানিয়েছে, খুব দ্রুতই এই ঘটনার কিনারা করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *