নিউটাউনে ট্রাফিক পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করলেন তিন শিক্ষক, তীব্র চাঞ্চল্য!

নিউটাউনে ট্রাফিক পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করলেন তিন শিক্ষক, তীব্র চাঞ্চল্য!

 

ট্রাফিক অফিসারের ওপর হামলা, ধৃত তিন কোচিং শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, নিউটাউন: নিউটাউনে ট্রাফিক অফিসারের ওপর চড়াও হওয়া এবং মারধরের অভিযোগে তিন বেসরকারি কোচিং শিক্ষককে গ্রেপ্তার করেছে ইকোপার্ক থানার পুলিশ। ধৃতদের নাম মনমোহন বেহেরা, নীতীশকুমার সাহু এবং শুভজিৎ চক্রবর্তী। এর মধ্যে মনমোহন ও নীতীশ ঝাড়খণ্ডের বাসিন্দা এবং শুভজিৎ উত্তর দিনাজপুরের বাসিন্দা। তাঁরা কর্মসূত্রে নিউটাউনে থাকেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন ব্যক্তি একটি নামী কোচিং প্রতিষ্ঠানে আইআইটি-জেইই, নিট-ইউজি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেন। গতকাল নিউটাউনের নোয়াপাড়া ট্রাফিক সিগন্যালের কাছে তাঁরা একটি বাইকে করে উলটোদিক দিয়ে যাচ্ছিলেন। সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি অ্যাপ ক্যাবের সঙ্গে তাঁদের বাইকের ধাক্কা লাগে। বিষয়টি নিয়ে ক্যাব চালকের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়।

ট্রাফিক পুলিশ পরিস্থিতি সামাল দিতে এগিয়ে গেলে অভিযুক্তরা ওই ট্রাফিক অফিসারের ওপর চড়াও হন। পুলিশের দাবি, মদ্যপ অবস্থায় থাকা ওই তিনজন ট্রাফিক অফিসারকে মারধর করেন এবং হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। শুধু তাই নয়, সাহায্যের জন্য ওয়াকিটকিতে যোগাযোগের সময় সেটিও তাঁরা ভেঙে ফেলেন বলে অভিযোগ।

খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *