নতুন বছরেই বড় ধাক্কা! সরকারি কর্মীদের ছুটি ছাঁটাইয়ের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি ছুটির সংখ্যা কমিয়ে ৪০ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: প্রশাসনিক কাজের গতি বাড়াতে রাজ্য সরকারি ছুটির তালিকায় বড়সড় কাটছাঁটের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যে সরকারি ছুটির সংখ্যা ৫০টি থাকলেও, তা কমিয়ে সর্বোচ্চ ৪০-এর মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার রাতে নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, অর্থসচিব ৪৫ দিনের একটি ছুটির তালিকা তৈরি করেছিলেন। কিন্তু সেই তালিকায় তিনি সন্তুষ্ট নন। মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ছুটির সংখ্যা যেন কোনোভাবেই ৪০-এর বেশি না হয়।
কেন এই সিদ্ধান্ত, তা ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করা এবং সরকারি দপ্তরে কঠোর কর্মসংস্কৃতি ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার। প্রশাসনিক মহলের মতে, কাজের দিন বাড়লে দাপ্তরিক গতিশীলতা ফিরবে বলেই সরকারের এই অভিমত।
প্রসঙ্গত, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেই জামাইষষ্ঠীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্মজয়ন্তী উপলক্ষে নতুন করে বহু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। সেই দীর্ঘ তালিকারই এখন পুনর্বিবেচনা শুরু হয়েছে।
তবে নতুন তালিকায় ঠিক কোন কোন ছুটি বাদ পড়ছে বা কোনগুলো বহাল থাকছে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বর্তমানে অর্থ দপ্তর জোরকদমে নতুন ছুটির তালিকা তৈরির কাজ চালাচ্ছে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেই বিষয়টি স্পষ্ট হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।