সৌরভের ব্যক্তিত্বের অধিকার রক্ষায় কড়া পদক্ষেপ দিল্লি হাইকোর্টের!

সৌরভ গাঙ্গুলির ব্যক্তিত্বের অধিকার রক্ষা: ‘দুসরা’ ছবির ওপর শর্তসাপেক্ষ নিষেধাজ্ঞা হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক: প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নাম ও ব্যক্তিত্বের অননুমোদিত ব্যবহারের অভিযোগে দায়ের হওয়া মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। ছবিটির বাণিজ্যিক প্রদর্শনী পুরোপুরি বন্ধ না করলেও, নির্মাতা সংস্থা রমেশ দেও প্রোডাকশন প্রাইভেট লিমিটেডকে একগুচ্ছ কঠোর শর্ত ও আর্থিক জামানত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তেজস কারিয়া।
আদালত জানিয়েছে, ছবির গল্পের সঙ্গে সৌরভ গাঙ্গুলির পরিচিতি এমনভাবে জড়িয়ে আছে যে তা বিচ্ছিন্ন করা সম্ভব নয়। তাই ছবি মুক্তি পুরোপুরি আটকে দেওয়ার আর্জি খারিজ করলেও, নির্মাতাদের আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতের রেজিস্টারের কাছে ২ কোটি টাকার ‘আনকন্ডিশনাল ব্যাঙ্ক গ্যারান্টি’ জমা দিতে হবে।
পাশাপাশি, ছবিটির বাণিজ্যিক প্রচার ও প্রদর্শনের ক্ষেত্রে আদালত দুটি বাধ্যতামূলক শর্ত আরোপ করেছে:
১. স্পষ্ট ডিসক্লেমার: ছবিটির শুরু এবং শেষে ইংরেজি ও হিন্দি ভাষায় স্পষ্টভাবে সতর্কবার্তা বা ডিসক্লেমার প্রদর্শন করতে হবে।
২. আইনি স্পষ্টীকরণ: সেই সতর্কবার্তায় উল্লেখ করতে হবে যে, সৌরভ গাঙ্গুলি এই সিনেমায় তাঁর নাম বা ব্যক্তিত্ব ব্যবহারের কোনো সম্মতি দেননি এবং ছবিটি তাঁর ব্যক্তিত্বের অধিকার ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে নির্মিত হয়নি।
আদালত সাফ জানিয়েছে, উল্লিখিত শর্তগুলোর কোনো একটিও অমান্য করা হলে নির্মাতা সংস্থা ছবিটির আর কোনো বাণিজ্যিক ব্যবহার করতে পারবে না।
উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলি এবং ‘লাভ ফিল্মস এলএলপি’-র যৌথ আবেদনের ভিত্তিতে এই মামলার সূত্রপাত হয়। অভিযোগ ছিল, ‘দুসরা’ ছবির ট্রেলার ও প্রচারে সৌরভের অনুমতি ছাড়াই তাঁর নাম, অবয়ব এবং লর্ডসের ব্যালকনিতে ঐতিহাসিক ন্যাটওয়েস্ট সিরিজ জয়ের সেই বিখ্যাত মুহূর্ত ব্যবহার করা হয়েছে। পরিচালক অভিনব দেও নিজেও এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে, ছবির কাল্পনিক চরিত্র ‘তারা’-র ওপর সৌরভের ক্রিকেট জীবনের প্রভাব রয়েছে।
অন্যদিকে, ‘লাভ ফিল্মস’-এর দাবি, ২০২১ সালের আগস্টে সৌরভের সঙ্গে তাদের চুক্তি অনুযায়ী, তাঁর অফিসিয়াল বায়োপিক ‘দাদা – দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’ নির্মাণের একচ্ছত্র স্বত্ব তাদের কাছে রয়েছে। ‘দুসরা’ ছবিতে সৌরভের ব্যক্তিগত তথ্যের অননুমোদিত ব্যবহার তাদের বাণিজ্যিক চুক্তির অধিকার লঙ্ঘন করেছে। আদালতের এই রায়ের পর ছবিটির ভবিষ্যৎ কী হয়, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।