মৃত্যুর মুখ থেকে ফিরলেন ৭ জন! ডাম্পারের ধাক্কা রুখে বীরত্বের নজির ‘ক্র্যাশ ট্রাক’-এর

প্রযুক্তির ব্যবহারে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সাত কর্মী
হাওড়া: হাওড়ার জয়পুরে ১৬ নম্বর জাতীয় সড়কে ট্রাক মাউন্টেড অ্যাটেনুয়েটর (টিএমএ) নামক বিশেষ প্রযুক্তির গাড়ির সৌজন্যে বড় ধরনের প্রাণহানির হাত থেকে রক্ষা পেলেন সাতজন কর্মী। শুক্রবার ভোররাতে এই ঘটনায় ডাম্পারের ধাক্কায় গাড়িটির একাংশ দুমড়ে গেলেও কর্মীরা অক্ষত রয়েছেন।
জানা গেছে, শুক্রবার ভোর ৩টে নাগাদ জাতীয় সড়কে রাস্তা সংস্কারের কাজ চলছিল। সেই সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার দ্রুতগতিতে কাজের জায়গার দিকে ছুটে আসে। ঠিক সেই মুহূর্তেই ডাম্পারটি সামনে থাকা টিএমএ (TMA) গাড়িতে সজোরে ধাক্কা মারে। টিএমএ গাড়ির বিশেষ প্রযুক্তিসম্পন্ন ক্র্যাশ কুশন ডাম্পারটির তীব্র গতিশক্তি শুষে নেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়। দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।
রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তায় এই বিশেষ গাড়িটি ব্যবহার করা হয়। এটি কাজের জায়গার পেছনে একটি ‘শ্যাডো ভেহিকল’ বা রক্ষাকবচ হিসেবে দাঁড়িয়ে থাকে। সংস্থাটির কর্মী শেখ ইনজামুল হোসেন জানিয়েছেন, রাতের বেলা জাতীয় সড়কে কাজের ঝুঁকি বিবেচনা করেই বেলজিয়াম থেকে এই আধুনিক প্রযুক্তি আনা হয়েছে। রাজ্যে তারাই প্রথম এই বিশেষ গাড়ি ব্যবহার করছে বলে দাবি সংস্থাটির। বিশেষজ্ঞ মহলের মতে, এই ঘটনা জাতীয় সড়কে কর্মীদের সুরক্ষায় প্রযুক্তির অপরিহার্যতাকে পুনরায় প্রতিষ্ঠিত করল।