সরকারি চাকরিতে স্বজনপোষণ নেই! বিস্ফোরক যোগী আদিত্যনাথের দাবিতে শোরগোল

নিয়োগে স্বচ্ছতা বজায় রাখছে সরকার, পূর্বতন শাসনামলের তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
লখনউ: উত্তরপ্রদেশে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থার ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার ৪ হাজার ৫৪৩ জন সাব-ইনস্পেক্টরের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, তাঁর সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে।
অনুষ্ঠানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম না নিলেও, ২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাজ্যের ক্ষমতায় থাকা সমাজবাদী পার্টি ও বিএসপি সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, সেই সময় সরকারি নিয়োগে চরম অনিয়ম ও কারচুপি হয়েছিল। যোগী আদিত্যনাথের কথায়, “সেই সময় পরীক্ষার জন্য আবেদন করতেন একজন, অথচ পিছনের দরজা দিয়ে নিয়োগপত্র তুলে দেওয়া হতো অন্য কারও হাতে। এমন অসংখ্য মামলা আজও আদালতে বিচারাধীন।”
পরিবারতন্ত্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “এখন আর রাজ্যে কোনো ব্যক্তিগত ‘ভাই’ বা ‘ভাইপোবাদ’ চলে না। রাজ্যের ২৫ কোটি মানুষই আমার পরিবার। তাই নিয়োগে বৈষম্য করার কোনো সুযোগ নেই।”
পূর্ববর্তী সরকারের আমলের নিয়োগের ক্ষেত্রে আদালতের নির্দেশে যদি কোনো অসাধু ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, তবে তিনি খুশি হবেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “যুবকদের ভবিষ্যৎ নিয়ে যাঁরা ছিনিমিনি খেলেছেন, তাঁদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।”
২০১৭ সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নিয়োগ ব্যবস্থায় ব্যাপক প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে এবং স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের হাতে চাকরি তুলে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।