শিল্পের খরা কাটিয়ে কি ঘুরে দাঁড়াবে বাংলা, আশার বাণী শোনালেন শমীক ভট্টাচার্য!

নতুন শিল্পনীতিতে সিঙ্গুরে গাড়িশিল্পের সম্ভাবনা, রাজ্যে বিনিয়োগের ডাক বিজেপির
কলকাতা: পশ্চিমবঙ্গের শিল্পায়নে নতুন দিশা দেখাতে বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন শিল্পনীতি ঘোষণা করা হয়েছে। এই নীতির হাত ধরেই ঐতিহাসিক সিঙ্গুরে পুনরায় গাড়ি কারখানা গড়ে ওঠার জোরালো ইঙ্গিত মিলেছে। সরকারের লক্ষ্য, অশোক লেল্যান্ডের মতো বৃহৎ সংস্থাকে সিঙ্গুরে ফিরিয়ে এনে সেখানে গাড়ি উৎপাদন প্রক্রিয়া শুরু করা।
শুক্রবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই নতুন শিল্পনীতির ভূয়সী প্রশংসা করেন। তিনি দাবি করেন, গত ৪ মে-র পর রাজ্যে রাজনৈতিক ও সামাজিক পটপরিবর্তনের ফলে শিল্পায়নের এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। দীর্ঘ সময় ধরে বিনিয়োগের যে খরা ছিল, তা কাটিয়ে এখন দেশ-বিদেশের শিল্পপতিরা বাংলাকে বিনিয়োগের অন্যতম সেরা গন্তব্য হিসেবে দেখছেন।
শমীক ভট্টাচার্যের মতে, ভৌগোলিক অবস্থানগত কারণে পশ্চিমবঙ্গ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং সমুদ্রবন্দর ও আন্তর্জাতিক সীমানা সংলগ্ন হওয়ায় অত্যন্ত কৌশলগত সুবিধা ভোগ করে। এই সুবিধাকে কাজে লাগিয়ে রাজ্য সরকার সেমিকন্ডাক্টর শিল্প, অটোমোবাইল এবং তথ্যপ্রযুক্তি ডেটা সেন্টারের মতো ক্ষেত্রে বড় বিনিয়োগ টানতে কাজ করছে।
অতীতে জমি অধিগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা ও শিল্পে অস্থিরতার কথা স্বীকার করে তিনি জানান, বর্তমান সরকার ক্ষুদ্র চাষিদের স্বার্থ রক্ষা এবং আইনি জটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে, শিল্পক্ষেত্রে যেকোনো ধরণের তোলাবাজি বা নৈরাজ্য রুখতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে তিনি জানান।
অন্যদিকে, জাতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে শমীক ভট্টাচার্য কংগ্রেস এবং রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করেন। তাঁর অভিযোগ, সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক বিতর্কের পরিবর্তে বিরোধী দলগুলো পরিকল্পিতভাবে সংসদের অধিবেশন ব্যাহত করার যে সংস্কৃতি গড়ে তুলেছে, তা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।