নস্টালজিয়ার ছোঁয়ায় ফিরল সোনির সেই কিংবদন্তি হেডফোন, আধুনিক ফিচারে মুগ্ধ করবেই!

নস্টালজিয়া আর প্রযুক্তির মিশেলে বাজারে এল সোনির নতুন হেডফোন ‘MDR-3R’
প্রযুক্তি ডেস্ক: ১৯৭৯ সালের আইকনিক ওয়াকম্যানের সঙ্গী হিসেবে পরিচিত ‘MDR-3’ হেডফোনটিকে নতুন রূপে ফিরিয়ে আনল সোনি। নতুন এই মডেলটির নাম দেওয়া হয়েছে ‘সোনি MDR-3R’। পুরনো দিনের রেট্রো লুক এবং হালকা ওজনের ‘ওপেন-ইয়ার’ ডিজাইন অটুট রেখে এতে যোগ করা হয়েছে আধুনিক প্রযুক্তির সমন্বয়।
বৈশিষ্ট্য ও প্রযুক্তিগত দিক:
সোনির নতুন এই হেডফোনে পুরনো ৩.৫ মিমি অডিও জ্যাকের পরিবর্তে দেওয়া হয়েছে আধুনিক ইউএসবি টাইপ-সি (USB Type-C) পোর্ট, যা কোনো বাড়তি চার্জিংয়ের ঝামেলা ছাড়াই সরাসরি আধুনিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা সম্ভব। এতে রয়েছে ২৩ মিমি ড্রাইভার, যা ব্যবহারকারীদের সত্তরের দশকের সেই অরিজিনাল সাউন্ড প্রোফাইলের অভিজ্ঞতা দেবে। এছাড়া সুবিধার খাতিরে কেবলেই যুক্ত করা হয়েছে ইন-লাইন রিমোট এবং মাইক্রোফোন। হেডফোনটির সঙ্গে নীল ও কমলা রঙের পরিবর্তনযোগ্য ইয়ারপ্যাড দিচ্ছে কো ম্পা নিটি। নস্টালজিয়া জাগিয়ে তুলতে এর প্যাকিং বক্স এবং ইউজার ম্যানুয়ালের নকশাও করা হয়েছে পুরনো ধাঁচে।
স্ট্রেঞ্জার থিংস এডিশন:
সাধারণ সংস্করণের পাশাপাশি নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ (Stranger Things)-এর থিমে একটি বিশেষ সংস্করণ এনেছে সোনি। সিরিজটির ‘ম্যাক্স মেফিল্ড’ চরিত্রের আদলে তৈরি এই হেডফোনে রয়েছে ‘আপসাইড ডাউন’ থিমের লোগো এবং লাল-কালো ইয়ারপ্যাড।
দাম ও প্রাপ্তিস্থান:
সোনি MDR-3R-এর স্ট্যান্ডার্ড এডিশনটির দাম রাখা হয়েছে প্রায় ৫,৬০০ টাকা। এটি সোনির অফিশিয়াল ওয়েবসাইট, অ্যামাজন, বেস্ট বাই এবং অনুমোদিত রিটেল স্টোর থেকে কেনা যাবে। অন্যদিকে, ‘স্ট্রেঞ্জার থিংস এডিশন’-এর দাম প্রায় ৭,৫০০ টাকা। এই বিশেষ সংস্করণটি সোনির ওয়েবসাইট, নেটফ্লিক্স শপ এবং অ্যামাজনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ।