কলকাতার বাতাসে বিষের আতঙ্ক, দিল্লির মতো পরিণতি কি তবে অনিবার্য?

কালীপুজোর আগেই বিষাক্ত কলকাতার বাতাস, বিভিন্ন এলাকায় দূষণ সূচক ‘বিপজ্জনক’ স্তরে
নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরশুমে বাজির ধোঁয়া ও ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে কলকাতার বায়ুর গুণমান দ্রুত অবনতির দিকে। পরিবেশ দপ্তরের তথ্য অনুযায়ী, কালীপুজোর আগের দিন থেকেই শহরের বিভিন্ন প্রান্তের বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনক ‘লাল’ সংকেতের স্তরে পৌঁছেছে।
পরিসংখ্যান বলছে, শুক্রবার রাত থেকেই হাওড়া, যাদবপুর ও সল্টলেকের বাতাসে বিষাক্ত কণার (PM 2.5) উপস্থিতি বাড়তে শুরু করে, যা শনিবার রাতে আরও তীব্র আকার ধারণ করে। শনিবার রাতে হাওড়ার ঘুসুরিতে PM 2.5-এর সর্বোচ্চ মাত্রা ৩৫০ স্পর্শ করেছে। এছাড়া সল্টলেকে ৩৩৬, যাদবপুরে ৩২৬, বালিগঞ্জে ৩২১ এবং বেলুড়ে ৩১৩ পর্যন্ত পৌঁছেছে দূষণের পারদ। উল্লেখ্য, শুক্রবার রাতে ঘুসুরিতে এই মাত্রা ৩৯৭ পর্যন্ত উঠে গিয়েছিল।
কালীপুজোয় বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিয়েছে। তবে উৎসবের মূল রাতের আগেই বাতাসের এই কালান্তক রূপ পরিবেশবিদদের চিন্তায় ফেলেছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে ঘন ধোঁয়াশা তৈরি হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে।