কালীঘাটে পুলিশের ওপর হামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও এফআইআর!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সংঘর্ষ: ধৃত ২, থানায় দায়ের ৪ এফআইআর
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গভীর রাতে সংঘর্ষ ও পুলিশকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে কালীঘাট থানায় মোট চারটি এফআইআর দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শনিবার রাত ২টো থেকে সাড়ে ৩টে পর্যন্ত এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত ছিল। সেই সময় সেখানে বিজেপি সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অভিযোগ, সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর হামলা চালানো হয়।
এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে দুটি মামলা দায়ের করেছে। এর মধ্যে একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। পাশাপাশি, রাজনৈতিক সংঘাতের জেরে আরও দুটি অভিযোগ দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় এক বিজেপি সমর্থকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে, বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ বেশ কয়েকজনের নামে মামলা রুজু করেছে পুলিশ।
উল্লেখ্য, শনিবার রাতে নিজের বাড়িতে হামলার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, দু’দিন ধরে এলাকায় রেইকি করার পর একদল ব্যক্তি তাঁর বাড়ি ও অফিসে হামলা চালিয়েছে। তিনি এই অভিযুক্তদের ‘বিজেপির গুন্ডা’ বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।