শব্দবাজির দাপটে দিশেহারা পোষ্য, উৎসবের রাতে এদের আগলে রাখবেন কীভাবে?

শব্দবাজির দাপটে দিশেহারা পোষ্য, উৎসবের রাতে এদের আগলে রাখবেন কীভাবে?

 

কালীপুজোর রাতে পোষ্য ও পথপ্রাণীদের সুরক্ষায় পালনীয় কিছু জরুরি টিপস

নিজস্ব প্রতিবেদন: আলোর উৎসবে মেতে ওঠে শহর থেকে গ্রাম। তবে বাজি ও আতশবাজির তীব্র শব্দ ও ধোঁয়া পোষ্য এবং পথপ্রাণীদের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। কালীপুজোর রাতে এই অবলা প্রাণীদের নিরাপত্তা ও সুরক্ষায় বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন পশুপ্রেমী ও বিশেষজ্ঞরা।

প্রাণীদের আশ্রয়দানে মানবিক হোন: বাজির শব্দে আতঙ্কিত হয়ে কোনো কুকুর বা বিড়াল আপনার বারান্দা, গ্যারাজ বা সিঁড়ির নিচে আশ্রয় নিলে তাদের তাড়িয়ে দেবেন না। তাদের নিরাপদ ও শান্ত কোনো জায়গায় থাকতে দিন। তবে ভয় পাওয়া প্রাণীদের জোর করে কোলে নেওয়া বা ধরার চেষ্টা করা অনুচিত, কারণ আত্মরক্ষার খাতিরে তারা আঁচড় বা কামড় বসাতে পারে।

খাবার ও জলের জোগান: আতঙ্কে বহু প্রাণী দীর্ঘ সময় লুকিয়ে থাকে। তাদের জন্য বাড়ির বাইরে কোনো নিরাপদ কোণে পরিষ্কার জল ও সামান্য খাবারের ব্যবস্থা রাখুন। তবে খেয়াল রাখবেন, খাবার যেন বাজি বা আগুনের আশপাশে না থাকে।

পোষ্যের জন্য নিরাপদ পরিবেশ: বাড়ির দরজা-জানালা বন্ধ রাখুন। পোষ্যকে ঘরের একটি শান্ত কোণে তার পরিচিত বিছানা বা প্রিয় খেলনা দিয়ে রাখুন। বাইরের শব্দ কিছুটা চাপা দিতে ঘরে হালকা মিউজিক চালিয়ে রাখা যেতে পারে। প্রাণী অস্বাভাবিক আচরণ করলে বা ভয় পেলে তাকে জোর করে বাইরে আনবেন না; বরং শান্ত স্বরে কথা বলে তাদের অভয় দিন। অসুস্থ বোধ করলে অবিলম্বে পশুচিকিৎসকের পরামর্শ নিন।

সতর্কতা ও প্রতিবাদ: রাস্তায় গাড়ি চালানোর সময় গাড়ির নিচে বা রাস্তার পাশে লুকিয়ে থাকা প্রাণীদের প্রতি বাড়তি নজর দিন। পোষ্যকে বাইরে বের করলে অবশ্যই লিশ বা বেল্ট ব্যবহার করুন। এছাড়া, কেউ যদি কোনো প্রাণীর সঙ্গে অভদ্র আচরণ করে বা বাজি ছুড়ে তাদের ভয় দেখায়, তবে তার প্রতিবাদ করুন। পরিস্থিতি গুরুতর হলে স্থানীয় পুলিশ বা পশুকল্যাণ সংস্থার সাহায্য নিন।

উৎসবে আনন্দ সবার জন্য সমান হওয়া বাঞ্ছনীয়। উৎসবের রাতে আপনার সামান্য সহমর্মিতা ও আশ্রয় কোনো প্রাণীর কাছে পরম ভরসা হয়ে উঠতে পারে। তাই মায়ের পুজোয় মানবিকতার নজির রাখাই হোক এই উৎসবের অঙ্গীকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *