১৬ বছরের নাবালিকার কাণ্ড! নার্সিংহোমের জানালা দিয়ে সদ্যোজাতকে ছুড়ে ফেলার অভিযোগ!

১৬ বছরের নাবালিকার কাণ্ড! নার্সিংহোমের জানালা দিয়ে সদ্যোজাতকে ছুড়ে ফেলার অভিযোগ!

 

হাওড়ায় নার্সিংহোমের বাথরুমের জানালা দিয়ে নবজাতককে ফেলে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদন, হাওড়া: হাওড়ার একটি নার্সিংহোমে ভর্তি থাকা এক নাবালিকার বিরুদ্ধে নবজাতককে বাথরুমের জানালা দিয়ে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে পেটে তীব্র ব্যথা নিয়ে ওই ১৬ বছর বয়সী নাবালিকা নার্সিংহোমে ভর্তি হয়। পরিবারের দাবি, তারা জানতেন না মেয়েটি সন্তানসম্ভবা ছিল। পেটে ব্যথার কারণেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, শনিবার সকালে ওই নাবালিকা সুস্থভাবেই হেঁটে বাথরুমে গিয়েছিল। সেই সময়ই এই ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানান, বাইরে কাজ করার সময় তিনি ওপর থেকে কিছু পড়ার জোরালো শব্দ পান। কাছে গিয়ে তিনি দেখেন, মাটিতে একটি সদ্যজাত শিশু পড়ে রয়েছে। বিষয়টি জানাজানি হতেই নার্সিংহোম থেকে এক নার্স বেরিয়ে এসে শিশুটিকে দ্রুত ভেতরে নিয়ে যান।

এ বিষয়ে নার্সিংহোমের চিকিৎসক সুচেতা মুখোপাধ্যায় জানান, ভর্তি হওয়ার পর নাবালিকার রক্ত পরীক্ষাও করা হয়েছিল। বাথরুমে গিয়ে নাবালিকা নিজেই সন্তান প্রসব করে এবং গর্ভধারণের বিষয়টি গোপন রাখার উদ্দেশ্যে সে নবজাতককে জানালা দিয়ে নিচে ছুড়ে ফেলে দেয় বলে চিকিৎসকের প্রাথমিক ধারণা। চিকিৎসকের মতে, নাবালিকার পরিবারের দাবি অনুযায়ী তারাও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বাসিন্দারা দোষীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *