পেট্রোলে ৪২০-এর কারচুপি! মোদী সরকারকে তুলোধোনা রাহুলের!

পেট্রোলে অতিরিক্ত ইথানল মিশ্রণের অভিযোগ: কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর, তদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদন: কর্নাটকের বিভিন্ন পেট্রোল পাম্প থেকে সংগৃহীত নমুনায় অতিরিক্ত ইথানল পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য সরকারের সংগৃহীত ১৪টি নমুনার মধ্যে ১১টিতেই ২০ শতাংশের বেশি ইথানল মেলায় কড়া তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
সরকারি সূত্রে জানা গেছে, কর্নাটকের বেঙ্গালুরু, কোলার, চিক্কাবল্লাপুর, ম্যাঙ্গালুরু ও টুমাকুরুসহ ৭টি জেলার বিভিন্ন পাম্প থেকে নমুনা সংগ্রহ করে ‘শ্রীরাম রিসার্চ ইনস্টিটিউট’-এ গ্যাস ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে দেখা গেছে, ইণ্ডিয়ান অয়েল (IOCL)-এর পেট্রোলে ৩১.২ শতাংশ, হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL)-এর পেট্রোলে ৩০.৫ শতাংশ এবং ভারত পেট্রোলিয়াম (BPCL)-এর তেলে ২৬.৫ শতাংশ পর্যন্ত ইথানল রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পেট্রোলে অতিরিক্ত ইথানল মিশ্রণের ফলে গাড়ির মাইলেজ উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে এবং ইঞ্জিনের যন্ত্রাংশ বিকল হয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে। বিষয়টি নিয়ে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে লেখেন, “মোদী সরকারের আমলে E20 আসলে ৪২০-তে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষের পকেট থেকে জলজ্যান্ত চুরি চলছে।” তাঁর প্রশ্ন, সাধারণ মানুষ চড়া দামে পেট্রোল কিনলেও কেন তাঁদের গাড়িতে বিষাক্ত মাত্রায় ইথানল দেওয়া হচ্ছে এবং এই অসাধু নীতি থেকে কারা লাভবান হচ্ছে।
এদিকে, সরকারি রিপোর্টের সব অভিযোগ খারিজ করেছে দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা—IOCL, HPCL এবং BPCL। যৌথ বিবৃতিতে সংস্থাগুলির দাবি, যে পদ্ধতিতে পরীক্ষাটি করা হয়েছে তা বেআইনি ও প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ। তেল সংস্থাগুলোর দাবি, সরবরাহ করা প্রতিটি ড্রপ জ্বালানি BIS মানদণ্ড IS 17021 মেনেই তৈরি করা হয়।
সংস্থাগুলো অভিযোগ অস্বীকার করলেও, ক্ষতিগ্রস্ত যানবাহনের জন্য ক্ষতিপূরণ এবং এই কথিত জালিয়াতির নিরপেক্ষ তদন্তের দাবিতে অনড় রয়েছেন ক্ষুব্ধ গ্রাহক ও বিরোধী দলগুলো। সরকারি নির্দেশ অনুযায়ী, এই ঘটনার যথাযথ তদন্ত শুরু হয়েছে।