বস্তির ঘর দখল নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র আলমবাজার!

বস্তির ঘর দখল নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র আলমবাজার!

 

বিজেপির অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত আম্বেদকর কলোনি, মারধরের অভিযোগে গ্রেপ্তার আক্রান্তই

নিজস্ব প্রতিবেদক: আম্বেদকর কলোনিতে বাড়ি দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযোগ, দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে স্থানীয় বিজেপি নেতা কার্তিকবাবুর বাড়িতে হামলা ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। অভিযোগ রয়েছে শ্লীলতাহানিরও। তবে অদ্ভুতভাবে, আক্রান্ত কার্তিকবাবুকেই উল্টে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাম আমলে তৃণমূল নেতৃত্ব আম্বেদকর কলোনিতে কার্তিকবাবুর দু’টি বাড়ি দখল করে পার্টি অফিস ও স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছিল। রাজনৈতিক পালাবদলের পর কার্তিকবাবু সেই বাড়িগুলো পুনরুদ্ধার করেন। একই কলোনিতে বিজেপির আরেক নেত্রী প্রিয়াঙ্কা চক্রবর্তীর মামার বাড়িও অতীতে দখল হয়েছিল, যা তিনি পুনরুদ্ধার করে বর্তমানে ফুলের দোকান হিসেবে ব্যবহার করছেন।

অভিযোগ, সম্প্রতি বিজেপির একাংশ কার্তিকবাবুর সেই ঘরগুলো পুনরায় দখল করে সেখানে দলীয় কার্যালয় গড়ার চেষ্টা করছে। বুধবার রাতে এই কেন্দ্র করেই উত্তেজনা চরমে পৌঁছায়। কার্তিকবাবুর অভিযোগ, “বহিরাগতদের এনে আমাদের ঘর জোর করে দখলের চেষ্টা চলছে। হামলাকারীরা আমার স্ত্রী ও পরিবারের ওপর চড়াও হয়েছে, আমার স্ত্রীর শ্লীলতাহানি করা হয়েছে।”

এ ঘটনায় কার্তিকবাবু ৪ নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল পর্যবেক্ষক অসীম দাস-সহ মোট ১৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু অভিযোগকারী কার্তিকবাবুকেই পুলিশ গ্রেপ্তার করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির মণ্ডল নেতা অসীম দাস। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “কার্তিকবাবু দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছেন। মহিলারাও তাঁদের হাত থেকে রেহাই পাননি। ওরা নতুন বিজেপি হয়ে পুরনো কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে।”

এই ঘটনায় দুই পক্ষেরই পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক মহলে অস্বস্তি বেড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *