অভিষেকের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট, তোপ দাগল বিজেপি!

কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সংঘর্ষ, রণক্ষেত্র এলাকা
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের রাতে তাঁর কালীঘাটের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। দুই পক্ষের বচসা থেকে ইটবৃষ্টি ও হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ কালীঘাট রোডে অভিষেকের বাড়ির সামনে তৃণমূল অনুগামীরা জন্মদিনের অনুষ্ঠান করছিলেন। সেই সময় পটুয়াপাড়া এলাকা থেকে একটি কালী প্রতিমা নিয়ে যাওয়া একদল যুবক, যাদের বিজেপি সমর্থক বলে দাবি করা হয়েছে, ওই পথ দিয়ে যাচ্ছিলেন। দুই পক্ষের মুখোমুখি হওয়ার পর ‘চোর চোর’ ও পাল্টা ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ইটবৃষ্টি শুরু হয়।
অভিযোগ, পরিস্থিতি শান্ত করতে গিয়ে তৃণমূল সমর্থকদের রোষের মুখে পড়ে পুলিশ। পরে ভোররাতে লালবাজার থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী ও র্যাফ এসে এলাকা খালি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
ঘটনার জেরে তৃণমূলের পক্ষ থেকে কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, শুধুমাত্র মারধরই নয়, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করা হয়েছিল।
অন্যদিকে, বিজেপির সাথে এই ঘটনার যোগ থাকার কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি এই ঘটনাকে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এবং স্থানীয়দের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। শমীক ভট্টাচার্য বলেন, “এর সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। এটি শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।”
জন্মদিনের রাতে কালীঘাটে এই অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।