দীপাবলির আগে বাগডোগরায় রাজনাথের হুঙ্কার, যুদ্ধ এখন শুধু সীমান্তে নয়!

আধুনিক যুদ্ধক্ষেত্রে সাইবার ও হাইব্রিড যুদ্ধের মোকাবিলায় জওয়ানদের সতর্ক থাকার নির্দেশ প্রতিরক্ষামন্ত্রীর
বাগডোগরা: আধুনিক যুদ্ধক্ষেত্র এখন আর কেবল সীমান্তেই সীমাবদ্ধ নেই। সাইবার হামলা, ড্রোন হানা এবং ভুল তথ্য বা ন্যারেটিভ ছড়িয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরির মতো ‘হাইব্রিড ওয়ারফেয়ার’ বা মিশ্র যুদ্ধের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতীয় বায়ুসেনাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
শনিবার বাগডোগরায় বায়ুসেনা কর্মীদের উদ্দেশে রাজনাথ সিং বলেন, শত্রুপক্ষ সরাসরি সংঘাত এড়িয়ে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে ভারতবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। এই ষড়যন্ত্র রুখতে জওয়ানদের ডোমেন অ্যাওয়ারনেস, সাইবার রেজিস্ট্যান্স এবং ইনফরমেশন ইন্টিগ্রিটির ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিরক্ষামন্ত্রী সাফ জানান, এই পরিস্থিতির মোকাবিলায় জওয়ানদের ভূমিকা কেবল সামরিক গণ্ডিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়।
উত্তর-পূর্ব ভারতের সুরক্ষায় বাগডোগরা এয়ার বেসের কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের বায়ুসেনা কর্মীরা পূর্ব সেক্টরের ‘শক্তিশালী বর্ম’ হিসেবে কাজ করছেন। স্থানীয় জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে শত্রুর প্রোপাগান্ডা ব্যর্থ করা সহজ হয় বলেও তিনি মন্তব্য করেন। জওয়ানদের শৃঙ্খলাপরায়ণতা ও সংযমের প্রশংসা করে তিনি বলেন, সেনার মানবিক আচরণই সাধারণ মানুষের মনে সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে।
দেশীয় প্রযুক্তির জয়গান গেয়ে প্রতিরক্ষামন্ত্রী জানান, ‘আত্মনির্ভর ভারত’ গড়ার লক্ষ্যে ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেমসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরিতে দেশীয় স্টার্ট-আপ ও শিল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া, অগ্নিবীরদের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার ‘সেকেন্ড ট্যুর অফ ডিউটি’ অনুমোদনের সিদ্ধান্তকে তিনি ‘দীপাবলির উপহার’ হিসেবে অভিহিত করেন। এর ফলে মেয়াদ শেষে অগ্নিবীররা নিয়মিত জওয়ান হিসেবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পাবেন।
উৎসবের দিনেও পরিবারকে ছেড়ে দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজনাথ সিং বলেন, জওয়ানরা যখন সীমান্ত পাহারা দিচ্ছেন, তখন পুরো দেশ তাঁদের পরিবারের পাশে রয়েছে। এদিনের অনুষ্ঠানে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত এবং বাগডোগরা এয়ার ফোর্স স্টেশনের এয়ার অফিসার কমান্ডিং এয়ার কমোডোর মণীশ শর্মা সহ বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।