আলমবাজারে ঘর দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ!

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ: বিজেপির অভ্যন্তরীণ কোন্দল ও বাড়ি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আম্বেদকর কলোনি এলাকা। বুধবার রাতে বাড়ি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে থানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আম্বেদকর কলোনিতে দীর্ঘকাল ধরে বাড়ি দখল নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে বিরোধ চলে আসছে। অভিযোগ, এক সময় তৃণমূল নেতৃত্ব ওই কলোনিতে বিজেপির দু’টি বাড়ি দখল করে পার্টি অফিস ও স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছিল। রাজনৈতিক পালাবদলের পর বাড়ি দু’টি পুনরায় দখল করে নেন সংশ্লিষ্ট বিজেপি নেতারা। একইভাবে বিজেপির আরেক নেত্রী প্রিয়াঙ্কা চক্রবর্তীর মামার বাড়িও দখলমুক্ত করে বর্তমানে সেখানে ফুলের দোকান চালানো হচ্ছে।
সম্প্রতি সেই বাড়িটিকে কেন্দ্র করেই বিজেপি নেতা কার্তিকবাবুর সঙ্গে দলেরই অপর একটি গোষ্ঠীর বিরোধ চরমে ওঠে। কার্তিকবাবুর অভিযোগ, অসীম দাস নামে বিজেপির এক মণ্ডল নেতা ও ৪ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষকের নেতৃত্বে বহিরাগতদের এনে তাঁর বাড়িটি দখল করার চেষ্টা চালানো হচ্ছে। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। কার্তিকবাবুর দাবি, ওই সময় তাঁর বৃদ্ধ বাবা-মা ও স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করা হয়েছে। তিনি অসীম দাসসহ মোট ১৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা অসীম দাস। তিনি বলেন, “কার্তিকবাবু নিজেই বহিরাগত দলবল নিয়ে আমার ওপর হামলা চালিয়েছেন। মহিলারাও এই হামলায় ছাড় পাননি। উল্টে নতুন বিজেপি কর্মীরা পুরনো কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে।”
ঘটনার পর পুলিশ উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখছে। একইসঙ্গে কার্তিকবাবুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। দলের অন্দরের এই সংঘাত প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।