বাড়ি থেকে টেনে বের করে তৃণমূল নেতাকে বেধড়ক মারধর, নেপথ্যে কী?

বাড়ি থেকে টেনে বের করে তৃণমূল নেতাকে বেধড়ক মারধর, নেপথ্যে কী?

 

নিজস্ব প্রতিবেদন, ভাতার: পূর্ব বর্ধমানের ভাতারে বাড়ি থেকে টেনে বের করে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ভাতার ব্লকের হাটকানপুর গ্রামে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত তৃণমূল নেতা শান্তনু কোনার বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় শান্তনু কোনারের বাড়িতে চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, তাঁকে ঘর থেকে টেনে বের করে এনে রাস্তায় ফেলে এলোপাথাড়ি মারধর করা হয়। মারধরের চোটে তিনি জ্ঞান হারালে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ভাতাড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

তৃণমূল নেতা দেবু টুডু বর্ধমান হাসপাতালে গিয়ে শান্তনু কোনারের খোঁজখবর নেন। তিনি জানান, আক্রান্তের মাথায় গুরুতর আঘাত রয়েছে। শান্তনু কোনার গত বিধানসভা নির্বাচনে ভাতার কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। বর্তমানে তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির মুখপাত্র শান্তিরূপ দে এই ঘটনার সঙ্গে দলীয় যোগ অস্বীকার করে বলেন, “এটি তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের ফল। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। প্রশাসন বিষয়টি তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক।”

শান্তনুর পরিবারের পক্ষ থেকে অরুণাভ গুহ জানিয়েছেন, কারা এই হামলার সঙ্গে জড়িত তা তারা নিশ্চিত নন। রবিবার রাত পর্যন্ত স্থানীয় থানায় এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার কারণ এবং জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশি তদন্ত শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *