মদনমোহনের রাসমেলায় অরিজিৎ, শ্রেয়াদের আসার খবর কি ভুয়ো? মুখ খুলল প্রশাসন!

কোচবিহারের রাস উৎসবে আমন্ত্রিত শিল্পীদের তালিকা নিয়ে ছড়ানো তথ্য ‘ভুয়ো’, জানাল প্রশাসন
নিজস্ব প্রতিবেদন, কোচবিহার: কোচবিহারে মদনমোহনের রাস উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের তালিকা নিয়ে সমাজমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো বলে জানিয়ে দিল প্রশাসন। শনিবার এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে কোচবিহার জেলা প্রশাসন।
আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী মদনমোহনের রাস উৎসব। প্রতি বছরের মতো এবছরেও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে জনমনে ব্যাপক উৎসাহ রয়েছে। এর মধ্যেই অরিজিৎ সিংহ, শ্রেয়া ঘোষাল ও সোনু নিগমসহ একঝাঁক নামজাদা শিল্পীর নাম ও তারিখ উল্লেখ করে একটি তালিকা সমাজমাধ্যমে ভাইরাল হয়। এই বিভ্রান্তি নিরসনে কোচবিহার সদর মহকুমাশাসক তথা পুরসভার প্রশাসক গোবিন্দ নন্দী জানান, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া তালিকাটি সম্পূর্ণ মিথ্যা। জেলা প্রশাসন বা পুরসভার পক্ষ থেকে এমন কোনো তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
মহকুমাশাসক আরও জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শিল্পীদের নিয়ে টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই প্রকৃত শিল্পীদের নাম ঘোষণা করা হবে। এই ধরনের ভুয়ো তালিকা ছড়িয়ে বিভ্রান্তি তৈরির বিষয়টি পুলিশের নজরে আনা হয়েছে এবং যথাযথ পদক্ষেপ করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের রাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বা শুভেন্দু অধিকারীর সম্ভাব্য উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা থাকলেও, সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীদের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।