স্বর্গের প্রলোভনে ১৯০ শিশুর করুণ মৃত্যু: শয়তানের দোসর সেই ধর্মগুরুর কি হলো?

স্বর্গের প্রলোভনে ১৯০ শিশুর করুণ মৃত্যু: শয়তানের দোসর সেই ধর্মগুরুর কি হলো?

 

অনাহারে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

মোম্বাসা, কেনিয়া: কেনিয়ার উপকূলীয় শহর মোম্বাসার একটি আদালত বিতর্কিত ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। ১৯০ জন শিশুসহ ১৯১ জনকে অনাহারে রেখে নৃশংসভাবে হত্যার দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে। আত্মহত্যার প্ররোচনা ও খুনের অপরাধে আলাদাভাবে ১০০ বছর করে মোট ২০০ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

তদন্তকারী সংস্থা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, পল ম্যাকেঞ্জি ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ’ নামের একটি সংগঠনের আড়ালে চরমপন্থী ধর্মীয় গোষ্ঠী পরিচালনা করতেন। অনুসারীদের মগজ ধোলাই করে তিনি প্রচার করতেন যে, পৃথিবী ধ্বংস হওয়ার আগেই অনাহারে মৃত্যু বরণ করলে সরাসরি স্বর্গে যাওয়া সম্ভব। যারা তার নির্দেশ মানতে অস্বীকৃতি জানাত, তাদের ওপর চালানো হতো অমানবিক শারীরিক নির্যাতন।

২০২৩ সালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পল ম্যাকেঞ্জিকে গ্রেফতার করে। এরপর দক্ষিণ-পূর্ব কেনিয়ার শাকাহোলা বনের গভীরে তল্লাশি চালিয়ে একের পর এক অগভীর গণকবর থেকে বিপুল সংখ্যক মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ওই বন থেকে ৪০০টিরও বেশি মরদেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে অধিকাংশেরই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তদন্তে উঠে এসেছে যে, অনেককে জীবিত অবস্থায় গণকবরে পুঁতে ফেলা হয়েছিল।

আদালতে পল ম্যাকেঞ্জি তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করলেও বিচারক তা খারিজ করে দেন। তদন্তে জানা যায়, ২০১৯ সালে স্থানীয় প্রশাসন ম্যাকেঞ্জির চার্চ বন্ধ করে দিলেও সে পালিয়ে শাকাহোলা বনে আস্তানা গড়ে তোলে। সেখানে অনুসারীদের সন্তানদের স্কুল ও চিকিৎসা সেবা থেকে দূরে রাখতে বাধ্য করত সে। স্কুল ও হাসপাতালকে সে ‘শয়তানের প্রতিষ্ঠান’ হিসেবে প্রচার করত।

উল্লেখ্য, পল ম্যাকেঞ্জির বিরুদ্ধে বর্তমানে সন্ত্রাসবাদসহ আরও একাধিক গুরুতর মামলা বিচারাধীন রয়েছে। কারাগারে থাকা অবস্থায়ও সে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে রাষ্ট্রপক্ষের দাবি। শাকাহোলা বনের এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় কেনিয়া জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নজরদারির দাবি উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *