হারানো পুতুল শিল্পের ছোঁয়ায় হাওড়ার সাত কালীপুজোয় এবার সাত রকমের চমক!

হারানো পুতুল শিল্পের ছোঁয়ায় হাওড়ার সাত কালীপুজোয় এবার সাত রকমের চমক!

 

হাওড়ায় সাবেকি ও বৈচিত্র্যময় থিমের মিশেলে কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক, হাওড়া: দীপাবলির প্রাক্কালে সেজে উঠেছে হাওড়া। জেলার বিভিন্ন প্রান্তে ঐতিহ্যবাহী সাবেকি পুজো থেকে শুরু করে আধুনিক থিমের চমক—সব মিলিয়ে পুজোর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।

হাওড়ার সংগ্রাম সমিতি ব্যায়ামাগারের পুজো এবার ৬১ বছরে পদার্পণ করল। জাঁকজমকপূর্ণ থিমের পরিবর্তে সাবেকি প্রতিমা ও ছিমছাম মণ্ডপসজ্জাই এবারও তাদের প্রধান আকর্ষণ। অন্যদিকে, জগাছার ধারসা আনন্দ নিকেতন ক্লাবের ৪১তম বর্ষের পুজোয় উঠে আসছে বীরভূমের আটলা গ্রাম, যা সাধক বামাক্ষ্যাপার সাধনক্ষেত্র হিসেবে পরিচিত। এখানকার প্রতিমা সাবেকি ধাঁচের।

রামরাজাতলার বকুলতলা লেনে জটিয়া বাবা স্মৃতি সংঘের ৫৪তম বর্ষের পুজো পরিচালনা করছে খেয়ালি সংঘ। জটিয়াবাবা আশ্রমের শক্তিসাধনার ঐতিহ্য ও রীতিনীতি বজায় রেখেই এখানে আরাধনা করা হয়, যা প্রতি বছর অসংখ্য ভক্তকে আকৃষ্ট করে। কদমতলার নেতাজি সুভাষ সংঘের ৬৫তম বর্ষের পুজোর অন্যতম আকর্ষণ প্রায় ২০ ফুট উচ্চতার প্রতিমা ও তার সুদৃশ্য চালচিত্র।

নতুনত্বের সন্ধানে সানপুর মিতালি সংঘের ৭৬তম বর্ষের থিম ‘ছিন্নমস্তার ভূত বাংলো’। মণ্ডপসজ্জার পাশাপাশি এখানে দেবী কালীর একটি জীবন্ত মডেল দর্শকদের বিশেষ নজর কাড়বে বলে আশা উদ্যোক্তাদের। এছাড়া দক্ষিণ ব্যাটরার ৯৪ বছরের ঐতিহ্যবাহী শ্যামাপুজোর ‘বড়মা’র উচ্চতা ১৭ ফুট। দেবী এখানে সোনা ও রুপোর অলংকারে ভূষিতা হন।

তবে এবারের পুজোর অন্যতম আকর্ষণ ডোমজুড়ের দেবীর পাড়া নতুন দলের ৪৩তম বর্ষের পুজো। প্রায় ১০ লক্ষ টাকা বাজেটের এই পুজোয় বাংলার হারিয়ে যাওয়া পুতুল শিল্পকে মণ্ডপের মূল ভাবনায় তুলে ধরা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের বিলুপ্তপ্রায় পুতুল শিল্পের নিদর্শন দিয়ে সাজানো মণ্ডপ ও দেবী প্রতিমায় থাকছে পুতুল শিল্পের অনন্য ছাপ। প্রতি বছরের মতো এবারও এই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে উদ্যোক্তারা আশাবাদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *