দীপান্বিতা অমাবস্যায় সাক্ষাৎ মা কালী রূপে শ্রীরামকৃষ্ণ, ভক্তদের আবেগে ভাসল শ্যামপুকুর!

শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণের ‘বরাভয়লীলা’: স্মরণে আজও সিক্ত ভক্তহৃদয়
নিজস্ব সংবাদদাতা: শ্যামপুকুর বাটিতে অসুস্থ শ্রীরামকৃষ্ণদেবকে ঘিরে ঘটে যাওয়া এক অলৌকিক কালীপুজোর স্মৃতি আজও ভক্তদের কাছে পরম শ্রদ্ধার। সেই ঐতিহাসিক দিনে শ্রীরামকৃষ্ণের দেহেই মা কালীর রূপ দর্শন করেছিলেন উপস্থিত ভক্তরা, যা ইতিহাসে ‘বরাভয়লীলা’ নামে পরিচিত।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, অসুস্থ অবস্থায় শ্যামপুকুরের বাড়িতে থাকাকালীন শ্রীরামকৃষ্ণদেব কালীপুজোর দিন ভক্তদের পুজোর আয়োজন করতে বলেন। সেইদিন সকাল থেকেই তিনি দিব্য আনন্দে মাতোয়ারা ছিলেন। কপালে চন্দনের ফোঁটা ও শুদ্ধ বস্ত্র পরিহিত শ্রীরামকৃষ্ণকে দেখে ভক্তরা অভিভূত হন। ওইদিন সন্ধ্যায় ঘরে কোনো বিগ্রহ না থাকায় ভক্তরা কীভাবে পুজো করবেন, তা নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন গিরিশচন্দ্র ঘোষ এগিয়ে গিয়ে ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
প্রত্যক্ষদর্শী অক্ষয়কুমার সেনের ‘রামকৃষ্ণ পুঁথি’ থেকে জানা যায়, অঞ্জলি গ্রহণ করার পরই ঠাকুর সমাধিস্থ হন। তাঁর দু’হাতের আঙুল বিশেষ মুদ্রায় বিন্যস্ত হয় এবং মুখে ফুটে ওঠে দিব্য হাসি। তাঁর দেহ এক অপার্থিব জ্যোতিতে উদ্ভাসিত হয়ে ওঠে। উপস্থিত মাস্টারমশাই মহেন্দ্র গুপ্ত, রাখাল, শরৎ, লাটু, কালীপদ, রামচন্দ্র ও নিরঞ্জনসহ অন্যান্য ভক্তরা শ্রীরামকৃষ্ণের মধ্যেই সাক্ষাৎ মা কালীকে প্রত্যক্ষ করেন। ওইদিন দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও গলায় ব্যথার কারণে কিছু খেতে না পারা শ্রীরামকৃষ্ণ অবলীলায় ভক্তদের আনা লুচি ও সুজির পায়েস গ্রহণ করেন।
শ্রীরামকৃষ্ণের এই দিব্যলীলা আজও ভক্তদের মনে গভীর রেখাপাত করে। সেই স্মৃতিবাহী শ্যামপুকুরের ওই বাড়িতে আজও শ্রীরামকৃষ্ণদেবের পটে কালীপুজো অনুষ্ঠিত হয়। প্রতি বছর সন্ধ্যা ৭টায় শুরু হয় এই পুজো। আজও ভক্তরা সেই অলৌকিক মুহূর্তের কথা স্মরণ করে ঠাকুরকে তাঁদের অর্ঘ্য নিবেদন করেন, যেখানে একাকার হয়ে গিয়েছিল ঠাকুর ও মা কালীর সত্তা।