কালীর মন্দিরে দোকান বসানো বারণ, মাছের ঝোল প্রিয় দেবীর ২৫০ বছরের রহস্যময়ী পুজো!

কালীর মন্দিরে দোকান বসানো বারণ, মাছের ঝোল প্রিয় দেবীর ২৫০ বছরের রহস্যময়ী পুজো!

 

অলৌকিক বিশ্বাস ও লোকগাথায় ঘেরা ২৫০ বছরের প্রাচীন মন্দির

নিজস্ব প্রতিবেদক: আড়াইশো বছরের পুরনো ইতিহাস আর অগাধ বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিশেষ মন্দির। জনশ্রুতি রয়েছে, এই মন্দিরের দেবী অত্যন্ত জাগ্রত এবং তাঁর ইচ্ছার বিরুদ্ধেই এখানে কোনো স্থায়ী নির্মাণ করা আসাম্ভব। লোকমুখের এই কাহিনীকে ঘিরেই স্থানীয়দের মধ্যে আজও বজায় রয়েছে গভীর ভক্তি ও বিস্ময়।

এলাকাবাসীদের দাবি, মন্দিরের চারপাশে কেউ স্থায়ী দোকান ঘর তৈরি করার চেষ্টা করলেই তা কয়েকদিনের মধ্যেই আপনা-আপনি ভেঙে পড়ে। অতীতে এমন ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয়রা। এ ছাড়াও মন্দির চত্বরে রাতে কৃত্রিম আলো জ্বালানোর চেষ্টাও ব্যর্থ হয় বলে প্রচলিত বিশ্বাস। লোকবিশ্বাস অনুযায়ী, রাত নামলে দেবী নিজে মন্দির প্রাঙ্গণে বিচরণ করেন, আর সেই কারণেই কোনো স্থায়ী কাঠামো বা আলোর উপস্থিতি সেখানে সম্ভব হয়ে ওঠে না।

মন্দিরের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জানা যায়, প্রায় ২৫০ বছর আগে এই এলাকাটি ছিল গভীর অরণ্য। জঙ্গল পরিষ্কার করার সময় একটি বটগাছের নিচে সিঁদুরমাখা এক শিলার সন্ধান পান গ্রামবাসী। সেই শিলাটিকেই দেবীরূপে পূজা করা শুরু হয়। বটগাছটিকেও অক্ষত রাখা হয়, যা আজও মন্দিরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লোকমুখে শোনা যায়, অতীতে রাতে এই বটগাছের নিচে বাঘসহ বিভিন্ন বন্য পশুর আনাগোনা ছিল এবং তাদের পায়ের ছাপও দেখতে পেতেন গ্রামবাসীরা। দেবীর অলৌকিক শক্তির প্রভাবেই এই অঞ্চল সুরক্ষিত ছিল বলে বিশ্বাস করেন স্থানীয়রা।

মন্দিরের বর্তমান পুরোহিত প্রকাশ পন্ডা জানান, একসময় এখানে বলি প্রথা চালু থাকলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। তবে দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা এখানে মানত করতে আসেন এবং দেবীকে মাছের ঝোল দিয়ে ভোগ নিবেদন করেন। ভক্তদের বিশ্বাস, এখানে মানত করলে দেবী তাঁদের মনের আশা পূরণ করেন।

প্রযুক্তি ও আধুনিকতার যুগেও দেবীর এই অলৌকিক অস্তিত্বের ওপর আস্থা রেখে আজও প্রতিদিন মন্দিরে ভিড় জমান অসংখ্য মানুষ। প্রবীণদের বয়ানে উঠে আসা এই কাহিনীই মন্দিরটিকে সাধারণের কাছে এক রহস্যময় ও পবিত্র তীর্থস্থান করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *