কালীঘাট কাণ্ডে তোলপাড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মামলা!

অভিষেকের বাড়ির সামনে অশান্তি: পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, ধৃত ৩ তৃণমূল কর্মী
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: শুক্রবার রাতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট এলাকা। এই ঘটনায় পালটা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে সাংসদের বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় বচসা ও সংঘর্ষ বাঁধে। এলাকায় ১৬৩ ধারা জারি থাকা সত্ত্বেও সেখানে বেআইনি জমায়েত ও বিক্ষোভ প্রদর্শনের ঘটনা ঘটে। অভিযোগ, ওই সময় সাংসদের বাড়িতে ইটবৃষ্টি করা হয় এবং জন্মদিন উপলক্ষ্যে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এতে কয়েকজন তৃণমূল সমর্থক জখম হয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তিনি দাবি করেন, ১৬৩ ধারা অমান্য করে জমায়েত হলেও পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, শনিবার রাতের মধ্যে কালীঘাট থানায় চারটি এফআইআর রুজু করা হয়েছে। এর মধ্যে দুটি স্বতঃপ্রণোদিত মামলা। প্রথমটি ১৬৩ ধারা লঙ্ঘন করে রাস্তা আটকে বিক্ষোভ দেখানোর জন্য স্বয়ং সাংসদের বিরুদ্ধে এবং দ্বিতীয়টি কর্তব্যরত পুলিশকর্মীকে চড় মারার অভিযোগে। তবে চড় মারার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
অন্যদিকে, সংঘর্ষের সময় এক মহিলা বিজেপি কর্মীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ একবালপুর এলাকা থেকে মহম্মদ তৌকির আলম, মহম্মদ ইরশাদ (টিপু) ও শ্রীদীপ দাস নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, ধৃতরা তৃণমূল কর্মী। এছাড়া, সাংসদের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় বিজেপি সমর্থকদের বিরুদ্ধেও একটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লেখেন, “যে দুষ্কৃতীরা আমার বাড়িতে হামলা চালিয়েছিল, তারা ঘুরে বেড়াচ্ছে। অথচ যারা হামলায় আহত হয়েছিলেন, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।” তাঁর অভিযোগ, পুলিশ এখন ‘রয়্যাল স্ক্যান্ডাল স্কোয়াডে’ পরিণত হয়েছে।
উল্লেখ্য, হামলার ঘটনার কয়েকদিন আগেই নিজের বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের ঘোরাফেরা নিয়ে আশঙ্কা প্রকাশ করে সাংসদ লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন। শুক্রবার রাতে হামলার ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।