আপনার প্রিয় ব্র্যান্ডের খাবার কি সত্যিই নিরাপদ? নামী সংস্থাগুলির পর্দাফাঁস!

মুম্বইসহ রাজ্যজুড়ে এফডিএ-র মেগা অভিযান: ৪০ টন ভেজাল খাদ্য বাজেয়াপ্ত, বন্ধ নামী আউটলেট
নিজস্ব প্রতিবেদক, মুম্বই: উৎসবের মরসুমে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) রাজ্যব্যাপী এক বড়সড় অভিযান চালিয়েছে। গত ৪ ও ৫ নভেম্বর পরিচালিত এই অভিযানে প্রায় ১.৩৫ কোটি টাকা মূল্যের ৩৯.৫ টন ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে গুরুতর অনিয়মের দায়ে একাধিক জনপ্রিয় ফুড চেইন ও কুইক-কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এফডিএ সূত্রে জানা গেছে, পরিদর্শনের সময় মুম্বইয়েই ২৮টি খাদ্য বিপণির লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। আইনি পদক্ষেপের তালিকায় রয়েছে ব্লিঙ্কিট (Blinkit) ও জেপ্টো (Zepto)-র মতো কুইক-কমার্স প্ল্যাটফর্ম এবং বিরিয়ানি বাই কিলো (Biryani By Kilo), টসিন পিৎজা (Tossin Pizza) ও জাম্বো বার্গার (Jumbo Burger)-এর মতো নামী ব্র্যান্ড। এছাড়া, খাদ্য নিরাপত্তার মারাত্মক লঙ্ঘনের অভিযোগে মুম্বইয়ের বোরিভলির ‘রাজধানী বিরিয়ানি সেন্টার’-সহ পুনে, অমরাবতী ও কোঙ্কন অঞ্চলের মোট ৭টি প্রতিষ্ঠানকে সম্পূর্ণ সিল করে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী আধিকারিকরা রান্নাঘরের ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশ দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিদর্শনে উঠে এসেছে—কিচেনে ইঁদুর ও কীটপতঙ্গের অবাধ বিচরণ, খাবারে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির অভাব, প্রক্রিয়াজাত খাদ্য সংরক্ষণে সঠিক তাপমাত্রার অনুপস্থিতি এবং বৈধ নথিপত্র ছাড়া ব্যবসা পরিচালনার মতো গুরুতর অভিযোগ। নাগপুরের ডি-মার্ট (D-Mart) আউটলেটে লাইসেন্সের শর্ত লঙ্ঘনের দায়ে প্রচুর পরিমাণ পরিশোধিত সয়াবিন তেল বাজেয়াপ্ত করা হয়েছে।
বাজেয়াপ্ত পণ্যের মধ্যে রয়েছে উৎসবের মিষ্টি তৈরির উপকরণ যেমন—মাওয়া, খোয়া, পনির, ভেজাল ঘি, ভোজ্য তেল, ফারসান ও শুকনো ফল। এ ছাড়াও প্রায় ৭.৯৬ লক্ষ টাকার নিষিদ্ধ গুটখা ও পানমশলা উদ্ধার করা হয়েছে। ঘটনায় তিনটি এফআইআর দায়ের করে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং দু’টি ভ্যান আটক করা হয়েছে।
এ বিষয়ে এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে সাফ জানিয়ে দিয়েছেন, “নামী ব্র্যান্ডের আড়ালে মানুষের প্রাণের ঝুঁকি নিয়ে ব্যবসা চালানো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনস্বাস্থ্যের ক্ষতি করে যারা বেআইনি কাজে যুক্ত হবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।”