নদী পরিষ্কার করতে গিয়ে চর্মরোগে আক্রান্ত পরিবেশপ্রেমী তরুণ

মধ্যপ্রদেশের আজনার নদীকে প্লাস্টিক ও বর্জ্যমুক্ত করতে নেমে গুরুতর শারীরিক অসুস্থতার শিকার হলেন বিট্টু নামের এক তরুণ পরিবেশপ্রেমী। চলতি বছরের জানুয়ারি মাস থেকে তিনি একা হাতে নদী পরিষ্কারের কাজ শুরু করেছিলেন। পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী ছাড়াই খালি হাতে বিষাক্ত জল ও পচা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে দীর্ঘ সময় ক্ষতিকারক রাসায়নিকের সংস্পর্শে থাকতে হয়েছে তাঁকে। এর ফলে বর্তমানে তাঁর হাত ও পায়ে মারাত্মক চুলকানি, লালচে ছোপ এবং যন্ত্রণাদায়ক চর্মরোগ দেখা দিয়েছে। রাতে ওষুধ না খেলে অসহ্য যন্ত্রণায় তিনি ঘুমাতেও পারছেন না।
বিশেষজ্ঞদের মতে, দূষিত জল ও রাসায়নিকের দীর্ঘস্থায়ী সংস্পর্শ ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে ফেলে। নদী বা জলাশয়ে থাকা ভাঙা কাঁচ, লোহা বা টিনের টুকরো থেকে ক্ষত সৃষ্টি হলে তা দিয়ে বিষাক্ত জীবাণু রক্তে মিশে যেতে পারে, যা থেকে মারাত্মক সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে। বিট্টুর মতো যারা নদী বা নর্দমা পরিষ্কারের মতো ঝুঁকিপূর্ণ কাজ করেন, তাঁদের সুরক্ষার জন্য ওয়াটারপ্রুফ বুট, মোটা গ্লাভস ও ফুল-বডি সুট পরা অত্যন্ত জরুরি। কাজ শেষে জীবাণুনাশক সাবান দিয়ে শরীর ধোয়াও বাধ্যতামূলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শারীরিক অবস্থার অবনতি দেখে বিট্টুর বাবা-মা তাঁকে এই কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। তবে এত কষ্টের পরেও নদী পরিষ্কারের কাজ থামাবেন না বলে অনড় সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই লড়াইয়ের কথা ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন এবং দ্রুত আরোগ্য কামনা করেছেন। অন্যের পরিবেশ বাঁচাতে গিয়ে বিট্টু যে চরম বিপদের মুখে পড়েছেন, তা নিয়ে এখন উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই।