বেঙ্গালুরুতে নন্দিনী দুধের প্যাকেটে মৃত মাকড়সা, চাঞ্চল্য

বেঙ্গালুরুতে নন্দিনী ব্র্যান্ডের দুধের প্যাকেটে মৃত মাকড়সা পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারিণীর নাম নাগুর রোজা। গত রবিবার দীপাবলির দিন সকালে দুধ ফোটানোর জন্য কড়াইতে ঢালার সময় তিনি প্যাকেটের ভেতর একটি ছোট মৃত মাকড়সা ভাসতে দেখেন। দীর্ঘ ২০ বছর ধরে তাঁর পরিবার এই ব্র্যান্ডের দুধ ব্যবহার করে আসছে। প্যাকেটগুলো বাড়িতে আনার পর ধুয়ে ফ্রিজে রাখা হয় বলেও তিনি জানিয়েছেন।
ঘটনার পর নাগুর রোজা বিষয়টি ভিডিও রেকর্ড করে স্থানীয় দুধ বিক্রেতাকে জানান। অভিযোগ, বিক্রেতা বিষয়টি গুরুত্ব না দিয়ে প্যাকেটটি ফেলে দেওয়ার পরামর্শ দেন। তবে এই ঘটনাকে সাধারণ বিষয় হিসেবে না দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। নিত্যপ্রয়োজনীয় খাদ্যে এ ধরনের ক্ষতিকর বস্তুর উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে তিনি মনে করছেন।
এই গাফিলতির বিষয়ে কর্ণাটক মিল্ক ফেডারেশন বা কেএমএফ-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্তের দাবি জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন অভিযোগকারিণী। অভিযোগ পাওয়ার পর কেএমএফ কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। পরীক্ষার জন্য ওই দুধের নমুনা এবং প্যাকেটটি তারা নিজেদের হেফাজতে নিয়েছে।