প্রথম সন্তানকে হারিয়েছিলেন রাজীব-সনিয়া, স্মৃতিচারণায় উঠে এল সেই মর্মান্তিক অভিজ্ঞতার কথা

প্রথম সন্তানকে হারিয়েছিলেন রাজীব-সনিয়া, স্মৃতিচারণায় উঠে এল সেই মর্মান্তিক অভিজ্ঞতার কথা

সনিয়া গাঁধীর লেখা স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এ উঠে এসেছে তাঁর জীবনের এক অত্যন্ত কঠিন ও ব্যক্তিগত অধ্যায়। সনিয়া জানিয়েছেন, রাহুল গাঁধী তাঁর প্রথম সন্তান নন। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি নির্ধারিত সময়ের দু’মাস আগেই তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন। প্রিম্যাচিওর হলেও শিশুটি সুস্থ ছিল এবং তাকে ইনকিউবেটরে রাখা হয়েছিল। কিন্তু জন্মের কয়েক ঘণ্টা পরেই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় সনিয়া ও রাজীব গাঁধী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

সনিয়া জানিয়েছেন, সেই সময় ইন্দিরা গাঁধী সরকারি কাজে বাইরে থাকলেও খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং তাঁদের পাশে দাঁড়ান। নবজাতকের দেহ নদীতে ভাসিয়ে দেওয়ার প্রথা থাকলেও সনিয়া তাতে তীব্র আপত্তি জানান। শেষ পর্যন্ত দক্ষিণ দিল্লির মেহরৌলিতে ফিরোজ গাঁধীর খামারবাড়িতে বোগেনভেলিয়া গাছের পাশে রাজীব ও সঞ্জয় গাঁধী মিলে শিশুটিকে সমাধিস্থ করেন। সনিয়া লিখেছেন, সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার পর দীর্ঘদিন তিনি ওই সমাধিতে ফুল দিয়ে আসতেন।

প্রথম সন্তান হারানোর শোক ও অপরাধবোধ সনিয়াকে দীর্ঘ সময় কুরে কুরে খেয়েছিল। সেই সময় একটি দক্ষিণপন্থী পত্রিকা শিশুটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে আক্রমণ করায় তিনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তবে সেই বছরের শেষ দিকেই তিনি পুনরায় অন্তঃসত্ত্বা হন এবং আগের অভিজ্ঞতার ভয় ও উৎকণ্ঠা সত্ত্বেও ১৯৭০ সালের ১৯ জুন রাহুল গাঁধীর জন্ম হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *