কানপুরে লাইনচ্যুত চৌরিচৌরা এক্সপ্রেসের ৪টি কামরা, অসমেও দুর্ঘটনার কবলে সাইরাং এক্সপ্রেস

কানপুরে লাইনচ্যুত চৌরিচৌরা এক্সপ্রেসের ৪টি কামরা, অসমেও দুর্ঘটনার কবলে সাইরাং এক্সপ্রেস

কানপুর আনওয়ারগঞ্জ স্টেশন থেকে গোরক্ষপুরগামী চৌরিচৌরা এক্সপ্রেস বুধবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টা ২ মিনিটে ট্রেনটির ছাড়ার কথা থাকলেও, ৫টা ৭ মিনিট নাগাদ ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে সামান্য এগিয়ে যাওয়ার পরই ট্রেনটির চারটি এসি কামরা লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ের নিরাপত্তা বিভাগের বিশেষ দল। ডিসিপি সত্যজিৎ গুপ্ত জানিয়েছেন, এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং ট্রেনের সমস্ত যাত্রী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

একই দিনে অসমেও ঘটে গিয়েছে আরও একটি রেল দুর্ঘটনা। বুধবার সকাল ৭টা নাগাদ কামরূপ মেট্রো জেলার দিগারু স্টেশনের কাছে কলকাতা থেকে মিজোরামগামী ১৩১২৬ সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রেনটি ভুলবশত একটি অব্যবহৃত রেললাইনে ঢুকে পড়ায় লাইনের শেষ প্রান্তে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এক শিশুসহ মোট সাতজন যাত্রী আহত হয়েছেন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠিয়েছে।

পরপর দুটি দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন ও একাধিক কামরা লাইনচ্যুত হলেও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। রেল বিশেষজ্ঞদের মতে, আধুনিক এলএইচবি (LHB) কোচের উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও মজবুত কাঠামোর কারণেই বড় ধরনের ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার অভিঘাত সামলে যাত্রীদের জীবন রক্ষা করার ক্ষেত্রে এই প্রযুক্তি বড় ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *