সোনিয়া গান্ধীর আত্মজীবনী নিয়ে বিজেপির তোপ, ‘সুপার পিএম’ কটাক্ষ সুধাংশু ত্রিবেদীর

সোনিয়া গান্ধীর আত্মজীবনী নিয়ে বিজেপির তোপ, ‘সুপার পিএম’ কটাক্ষ সুধাংশু ত্রিবেদীর

সোনিয়া গান্ধীর আত্মজীবনীতে ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যানের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানাল বিজেপি। দলের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখপাত্র সুধাংশু ত্রিবেদী দাবি করেন, সোনিয়া গান্ধীর এই সিদ্ধান্ত কোনো ঐতিহাসিক ত্যাগ ছিল না। বরং প্রধানমন্ত্রীর পদ ছেড়ে তিনি ‘সুপার পিএম’ হিসেবে ক্ষমতা ভোগ করেছিলেন বলে বিজেপি অভিযোগ তুলেছে।

সুধাংশু ত্রিবেদীর মতে, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে সোনিয়া গান্ধী ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির (এনএসি) চেয়ারপার্সন হিসেবে ক্যাবিনেট পদমর্যাদা গ্রহণ করেছিলেন। বিজেপি নেতার দাবি, এটি সরাসরি ‘অফিস অফ প্রফিট’ বা লাভজনক পদের অন্তর্ভুক্ত ছিল। বিতর্ক তৈরি হওয়ার পর তিনি পদত্যাগ করলেও, পরবর্তীতে মনমোহন সিং সরকার আইন পরিবর্তন করে এনএসি প্রধানের পদটিকে লাভজনক পদের আওতামুক্ত করলে তিনি পুনরায় সেই পদে ফিরে আসেন।

এছাড়া জরুরি অবস্থা নিয়ে সোনিয়া গান্ধীর দাবিরও কড়া সমালোচনা করেছেন বিজেপি মুখপাত্র। সোনিয়া গান্ধী তাঁর বইয়ে দাবি করেছিলেন যে রাজীব গান্ধী জরুরি অবস্থার বিরোধী ছিলেন এবং এর জন্য সঞ্জয় গান্ধী দায়ী ছিলেন। এই দাবি খারিজ করে সুধাংশু ত্রিবেদী বলেন, রাজীব গান্ধী বিভিন্ন সময়ে প্রকাশ্যে জরুরি অবস্থাকে সমর্থন করেছিলেন। পাশাপাশি, মানেকা গান্ধীর সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে সোনিয়ার বর্ণনার সমালোচনা করে তিনি বলেন, বইটি পড়ে মনে হচ্ছে এটি জরুরি অবস্থার ইতিহাস নয়, বরং দুই জায়ের মধ্যে শত্রুতার গল্প।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *