একদিনে জোড়া ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুত কলকাতা-সৈরাং ও চৌরি চৌরা এক্সপ্রেস

বুধবার সকালে পরপর দুটি ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। সকালে অসমের গুয়াহাটি থেকে ৩০ কিলোমিটার দূরে ডিগারুর কাছে কলকাতা-সৈরাং এক্সপ্রেসের ছয়টি কামরা লাইনচ্যুত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল স্টেশনের কাছে ফের বিপত্তি ঘটে। গোরক্ষপুরগামী চৌরি চৌরা এক্সপ্রেসের চারটি কামরা লাইন থেকে ছিটকে যায়। আকস্মিক এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
দুটি দুর্ঘটনার খবর পাওয়ার পরেই রেলের উচ্চপদস্থ আধিকারিক ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় লাইন পরিষ্কার এবং আটকে থাকা যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। ঘন ঘন এই ধরনের রেল দুর্ঘটনার ফলে রেলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।