কালীপুজোয় লাঠি হাতে পুরনো মেজাজে অধীর চৌধুরী

কালীপুজো উপলক্ষে বহরমপুরের হরিদাস মাটিতে আয়োজিত ঐতিহ্যবাহী গো-পুজো ও লাঠি খেলায় অংশ নিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। বহরমপুরের গোয়ালা সম্প্রদায়ের দীর্ঘদিনের এই সাংস্কৃতিক প্রথাকে সম্মান জানাতেই তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। উৎসবের আমেজে স্থানীয়দের সঙ্গে মিলে তিনি নিজেও লাঠি খেলায় মেতে ওঠেন।
প্যান্ট-শার্ট পরিহিত অধীর চৌধুরীকে মাঠে লাঠি হাতে কসরত করতে দেখে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এক প্রবীণ লাঠিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে তিনি একের পর এক লাঠির প্যাঁচ প্রদর্শন করেন। তাঁর এই পুরনো রূপ দেখে উপস্থিত অনেকেই মুগ্ধ হন এবং মোবাইল ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি করেন।
স্থানীয়দের মতে, ছোটবেলা থেকেই লাঠি খেলার সঙ্গে অধীর চৌধুরীর গভীর যোগ রয়েছে। রাজনীতিতে আসার আগে বহরমপুরের মানুষ তাঁকে ‘লাঠিয়াল অধীর’ হিসেবেই চিনতেন। দীর্ঘ রাজনৈতিক জীবন এবং সাংসদ হিসেবে দায়িত্ব পালনের পরেও লাঠির প্রতি তাঁর সেই পুরনো টান আজও অটুট রয়েছে। বুধবারের এই দৃশ্য যেন সেই পুরনো দিনের স্মৃতিকেই ফিরিয়ে আনল।