দেশের ইতিহাসে প্রথমবার! খড়গপুর আইআইটিতে চালু হচ্ছে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স

দেশের উচ্চশিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। এই প্রথম দেশের কোনো আইআইটি (IIT)-তে স্নাতকোত্তর মেডিক্যাল বা এমডি (MD) কোর্স চালুর আনুষ্ঠানিক অনুমোদন মিলল। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) স্বীকৃতি পাওয়ার পর এবার থেকে খড়গপুর আইআইটিতেও চিকিৎসা বিজ্ঞানের উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাবেন পড়ুয়ারা।

আইআইটি খড়গপুরের ডক্টর বিসি রায় মাল্টি স্পেশ্যালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে ২০২৬-’২৭ শিক্ষাবর্ষ থেকেই এমডি কোর্সের প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার এই মেলবন্ধন দেশের স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে এক দূরদর্শী পদক্ষেপ। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বায়োমেডিক্যাল সায়েন্স এবং ট্রান্সলেশনাল রিসার্চের মতো অত্যাধুনিক ক্ষেত্রগুলি আরও সমৃদ্ধ হবে।

প্রাথমিক পর্যায়ে মোট ছয়টি বিভাগে এমডি কোর্স চালুর সিদ্ধান্ত নিয়েছে আইআইটি খড়গপুর। প্রতিটি বিভাগে দুটি করে মোট ১২টি আসন রয়েছে। বিভাগগুলি হলো— জেনারেল মেডিসিন, রেডিওলজি, ফিজিওলজি, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন এবং বায়োকেমিস্ট্রি।

আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ জানিয়েছে, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে চিকিৎসা শিক্ষাকে আরও আধুনিক করে তোলাই তাদের লক্ষ্য। এর মাধ্যমে এমন একদল দক্ষ চিকিৎসক ও উদ্ভাবক তৈরি করা সম্ভব হবে, যাঁদের উন্নত প্রযুক্তিগত জ্ঞান থাকবে।

২০২৬-’২৭ শিক্ষাবর্ষে ‘নিট-পিজি’ (NEET-PG) অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমেই এই কোর্সগুলিতে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। কাউন্সেলিংয়ের সময়সূচি ও যোগ্যতার মাপকাঠি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে অফিসিয়াল পোর্টালে জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *