ভারতে দ্বিতীয় মেগা কারখানা গড়ছে কিয়া, ১৮,৭৫০ কোটি টাকার বিনিয়োগে কর্মসংস্থানের সুযোগ

ভারতের অটোমোবাইল বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে বড় পদক্ষেপ নিল দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারী সংস্থা কিয়া (Kia)। অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে নতুন চুক্তি অনুযায়ী, রাজ্যে আরও একটি বৃহৎ কারখানা স্থাপন করতে চলেছে তারা। এই মেগা প্রকল্পে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বা ১৮,৭৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। মূল সংস্থার পাশাপাশি সহযোগী সংস্থাগুলোও এই বিনিয়োগে অংশীদার হচ্ছে।
অন্ধ্রপ্রদেশের অনন্তপুরেই গড়ে উঠছে কিয়ার এই দ্বিতীয় কারখানাটি। প্রায় ৪৬৫ একর জমির ওপর তৈরি হতে চলা এই প্ল্যান্টে স্ট্যাম্পিং, ওয়েল্ডিং, পেন্টিং এবং অ্যাসেম্বলির মতো সমস্ত কাজ একই চত্বরে সম্পন্ন হবে। এর পাশেই সহযোগী সংস্থাগুলোর জন্য পৃথক জোন থাকবে।
সংস্থার পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের শুরুর দিক থেকে এই প্ল্যান্টে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে এখান থেকে বছরে প্রায় ২ লাখ গাড়ি তৈরি হবে। এর ফলে ভারতে কিয়ার মোট বার্ষিক উৎপাদন ক্ষমতা বেড়ে ৬.৩ লক্ষ গাড়িতে পৌঁছাবে। বর্তমানে এই সংখ্যা ৪.৩ লক্ষ। অনন্তপুরের এই কারখানা থেকে উৎপাদিত গাড়ি দেশের বাজারের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হবে।
এই প্রকল্পের ফলে প্রায় ১২,০০০ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। কিয়া ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জোয়ানগু লি জানিয়েছেন, ভারতের বাজার সংস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নতুন এই কারখানা থেকে ঠিক কোন মডেলের গাড়ি তৈরি হবে, সে বিষয়ে সংস্থা এখনও কিছু জানায়নি।