অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান মহারণ, সেমিফাইনালে দাপুটে জয়

চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার টুর্নামেন্টের সেমিফাইনালে আফগানিস্তানকে আট উইকেটে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ভারতীয় দল। অন্যদিকে, অন্য সেমিফাইনালে বাংলাদেশকে নয় উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে পাকিস্তান। শনিবার ওমানের মাটিতে এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্যায়ের ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও, ফাইনালে সেই হারের বদলা নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে ভারতীয় যুব দল।
সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে তারা ২২৭ রান সংগ্রহ করে। দলের হয়ে নোমান সালারজাই ও শাহ ফয়সল রাহিমি দুজনেই ৫১ রান করে করেন। ভারতের হয়ে ঈশান সুদ ৪৩ রান দিয়ে তিনটি এবং আরিয়ান সাভসানি ২৯ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩৬.৫ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক লক্ষ্য রাজেশ রায়চন্দানি ৯০ বলে ৯৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া আর্যবীর সেহওয়াগ ৫১ রান এবং ভি কে বিনীথ অপরাজিত ৫৭ রান করেন।
অন্য সেমিফাইনালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তানের বিরুদ্ধে সেভাবে লড়াই করতে পারেনি। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে পাকিস্তান ২১.৫ ওভারে এক উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয়।