দুষ্কৃতীদের গুলিতে খুন কনস্টেবলের ছেলে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে বন্ধু

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদের জেরে ফের উত্তপ্ত বিহারের ভোজপুর জেলা। গজরাজগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকার কাছে সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল ফিল্মি কায়দায় দুই যুবকের ওপর নির্বিচারে গুলি চালায়। এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে হৃতিক সিং রাজপুত নামে এক যুবকের। গুরুতর জখম অবস্থায় তাঁর বন্ধু যুবরাজ কুমার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত হৃতিক সিং রাজপুত পেশায় হাবিলদার হরেন্দ্র সিং-এর পুত্র। ঘটনার দিন দুই যুবককে লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালায় দুষ্কৃতীরা। হৃতিককে ধাওয়া করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাঁর সঙ্গে থাকা যুবরাজ কুমারও গুরুতর জখম হন।
গুলি চালনার শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহত যুবরাজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘটনার খবর পেয়েই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সহকর্মীর ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। অপরাধীদের শনাক্ত করতে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে ভোজপুর জেলা পুলিশ।