অমিতাভ বচ্চনের বাংলো ও মুম্বইয়ের একাধিক জায়গায় বোমাতঙ্ক, ইমেলে এল হুমকি

বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ সহ মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জায়গায় বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার আসা একটি ইমেলে এই হুমকি দেওয়া হয়েছে, যেখানে ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ নামে একটি সংগঠনের নাম ব্যবহার করা হয়েছে। ঘটনার পর মুম্বই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
হুমকি ইমেলে অমিতাভ বচ্চনের জুহুর বাংলো ‘জলসা’, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বইয়ের মেয়রের দফতর, একাধিক ব্যাঙ্ক, আদালত, মহালক্ষ্মী রেসকোর্স এবং বৃহন্মুম্বই পুরনিগমের (BMC) দফতরকে নিশানা করা হয়েছে। বিশেষ করে, বিমানবন্দরে রাত ৯টা ১১ মিনিটে বিস্ফোরণ এবং অমিতাভ বচ্চনের বাংলোতে গাড়ি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইমেলটি পাওয়ার পরই মুম্বই পুলিশের বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (BDDS) এবং নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট জায়গাগুলিতে তল্লাশি চালায়। তবে প্রাথমিকভাবে কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরকের সন্ধান মেলেনি। ইমেলের উৎস ও প্রেরকের পরিচয় শনাক্ত করতে সাইবার সেল তদন্ত শুরু করেছে। তবে এর নেপথ্যে সত্যিই কোনো জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি গোয়েন্দা বাহিনী।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবরও অমিতাভ বচ্চনের ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এছাড়া গায়ক দিলজিৎ দোসাঞ্জের আগামী ২৭ নভেম্বরের অনুষ্ঠানেও হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। একের পর এক এমন হুমকির জেরে মুম্বইয়ের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।