পুরী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই বাস, আহত একাধিক

পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পশ্চিমবঙ্গের পুণ্যার্থীদের একটি বাস। শুক্রবার ভোরে ওডিশার বড়চানা থানার অন্তর্গত জাজপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। জানা গিয়েছে, ওই বাসে প্রায় ৫৫ জন পুণ্যার্থী ছিলেন।

দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। অনেকের মাথা ফেটেছে, আবার কেউ হাত বা পায়ে চোট পেয়েছেন। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার পর আহতদের অ্যাম্বুল্যান্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁদের আঘাত কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি প্রচণ্ড গতিতে ছিল এবং আচমকা চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও নিশ্চিত নয়। বাসচালক বা কন্ডাক্টরের খোঁজ পাওয়া যায়নি।

অন্যদিকে, পঞ্জাবের সাঙ্গরুর জেলায় বুধবার অপর একটি বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এই ঘটনায় আরও ২৪ থেকে ২৫ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *