পড়াশোনার পাশাপাশি প্রতিমার চক্ষুদান, বাবার হাত ধরে শিল্পকলায় দক্ষ চন্দননগরের মৌপিয়া

বাবার হাত ধরেই কাজ শেখা শুরু। ছোটবেলায় বাবার হাতে প্রতিমার চোখ আঁকা মুগ্ধ হয়ে দেখতেন মেয়ে। কোভিডের সময়ে বাবাকে প্রতিমা তৈরি করতে সাহায্য করতে শুরু করেন। সেই শুরু। এখন জগদ্ধাত্রী পুজোর সময়ে দম নেওয়ার সময় থাকে না মৌপিয়ার। দক্ষ হাতে একের পর এক প্রতিমায় চক্ষুদান করেন চন্দননগর কলেজে এডুকেশন অনার্সের প্রথম বর্ষের ছাত্রী মৌপিয়া পাল।
চন্দননগরের মৃৎশিল্পী মুক্তি পালের মেয়ে মৌপিয়া পড়াশোনাতে বরাবরই মেধাবী। করোনার সময় থেকেই বাবাকে কাজে সাহায্য করতে শুরু করেন তিনি। ধীরে ধীরে বাবার হাত ধরেই প্রতিমার চক্ষুদান ও সাজসজ্জার কাজ শুরু করেন। বেশ কয়েক বছর ধরে এই কাজ করতে করতে রীতিমতো দক্ষ হয়ে উঠেছেন মৌপিয়া।
মৌপিয়া জানালেন, চন্দননগর, কলকাতা-সহ একাধিক জায়গায় প্রতিমা পাঠানো হয়। এ বছরও বহু জায়গায় প্রতিমা পাঠানো হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মৌপিয়া জানিয়েছেন, ২১টি প্রতিমার চোখ আঁকা এবং সাজসজ্জার কাজ বাকি আছে। শুক্রবারের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে হবে।
শিল্প সৃষ্টির প্রতি মেয়ের ঝোঁক দেখে ছোট থেকেই তাকে শিল্পচর্চার শিক্ষা দিয়েছেন বাবা মুক্তি পাল। তিনি জানান, দীর্ঘদিন ধরে কাজ করে প্রতিমার চক্ষুদানের কাজে নিজের দক্ষতা তৈরি করেছেন মৌপিয়া। মুক্তি বলেন, ‘এ বছর চন্দননগর, ভদ্রেশ্বর ও রিষড়া মিলিয়ে মোট ৪৫টি জগদ্ধাত্রী প্রতিমার বরাত পেয়েছি। তার মধ্যে চন্দননগরেই রয়েছে ২৫টি। মেয়ে আমাকে অনেক সাহায্য করে। ও না থাকলে এত কাজ সামলানো আমার পক্ষে সম্ভব হত না।’
মৌপিয়া বলেন, ‘ছোট থেকেই এই কাজ করছি। প্রায় সাত বছর ধরে বাবার হাত ধরে প্রতিমার চক্ষুদানের কাজ করছি। হাতে আর মাত্র দু’দিন সময়। এখনও অনেক চোখ আঁকা বাকি। কালকের মধ্যেই প্রায় ২০টি প্রতিমার চোখ আঁকার কাজ শেষ করতে হবে।’
পড়াশোনা ও প্রতিমার কাজ দুই দিকই সমান ভাবে সামলাচ্ছেন মৌপিয়া। কাজের ব্যস্ততা বাড়লে পড়াশোনায় কিছুটা ছেদ পড়ে, আবার কাজ কমলে শুরু করেন পড়াশোনা। নিজের এই কাজের জন্য পুরস্কারও পেয়েছেন তিনি। তৃতীয়াতেই হুগলির অনেক জায়গায় পুজোর উদ্বোধন রয়েছে, তাই এখন জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন মৌপিয়া।