দেশে ফিরতে মরিয়া শেখ হাসিনা, গ্রেফতার বা প্রাণনাশের ভয় নেই: অডিও বার্তায় দাবি

গ্রেফতার, যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ফাঁসির হুমকি— কোনও কিছুই তাঁকে দেশে ফেরা থেকে আটকাতে পারবে না। সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক অডিও সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্পষ্ট করেছেন, নিজের দেশে ফিরতে তিনি মরিয়া এবং যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত।
হাসিনা বলেন, ‘আমি জানি অনেক ঝুঁকি রয়েছে। ঢাকায় নামলেই হয়তো ওরা আমাকে গ্রেফতার করবে বা হত্যা করবে। কিন্তু অনেক বছর আগেই আমি ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তা করা ছেড়ে দিয়েছি।’ ১৯৮১ সালে সেনা শাসনের সময় এবং ২০০৭ সালে সেনাসমর্থিত সরকারের আমলেও তিনি দেশে ফিরেছিলেন বলে স্মরণ করিয়ে দেন তিনি।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি ও অন্তর্বর্তী সরকারকে নিশানা করেছেন হাসিনা। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীদের খুন করা হচ্ছে এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার চলছে। তিনি বলেন, ‘আমার গোটা রাজনৈতিক জীবন বাংলাদেশের মানুষের সঙ্গে কেটেছে। আমাকে যদি মরতেই হয়, তবে নিজের দেশের মাটিতেই মরব।’
২০২৪ সালের অগাস্টের আন্দোলনে গণহত্যার অভিযোগ প্রসঙ্গে হাসিনা বলেন, ‘আমি কখনও কোনও নিরীহ মানুষকে হত্যার নির্দেশ দিইনি। এই অভিযোগ ভিত্তিহীন।’ তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী থাকাকালীন প্রতিটি মৃত্যুর ঘটনার তদন্তের জন্য তিনি বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিলেন, কিন্তু মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।