বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যেই বাংলায় শীতের আমেজ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার এই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে, যা পরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার সুস্পষ্ট এবং রবিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের একাংশের মতে, এই নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যার নাম দেওয়া হয়েছে ‘আখবান’।
অন্যদিকে, উত্তর ভারতের বেশ কিছু এলাকায় নতুন করে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের কিছু অংশে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের অধিকাংশ জায়গায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
বাংলায় শীতের আমেজ নিয়ে স্বস্তির খবর মিলেছে। শুক্রবার থেকেই রাজ্যে হালকা শীতের অনুভূতি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবারের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আপাতত গোটা রাজ্যেই মনোরম ও শুষ্ক আবহাওয়া থাকবে।
দিল্লির ক্ষেত্রে, ১৩ ও ১৪ নভেম্বর রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও, ১৬ থেকে ১৯ নভেম্বরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে শীতের প্রকোপ বাড়ার পূর্বাভাস দিয়েছে আইএমডি।