ছটপুজোর আগে জলাশয় সংস্কার ও নতুন ঘাটের দাবি, পরিদর্শনে জেলাশাসক

ভবানী পাঠক ছটপুজো সেবা সমিতির আমন্ত্রণে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের অম্বুজানগরীর ঐতিহ্যবাহী ভবানী পাঠকের কালীমন্দির ও সংলগ্ন জলাশয় পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম। তাঁর সঙ্গে ছিলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার প্রণব কুমার-সহ অন্যান্য আধিকারিকরা। পরিদর্শন শেষে মন্দিরের এক প্রান্তে শৌচালয় নির্মাণ ও জলাশয়টি সংস্কারের আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
স্থানীয়দের অভিযোগ, সিটি সেন্টার অঞ্চলের এই জলাশয়টি বর্তমানে আগাছা ও আবর্জনায় ভরে গিয়েছে। তাঁদের দাবি, এডিডিএ (আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থা) ও পুরসভার উদাসীনতায় জল দূষিত হয়ে পড়ায় পরিযায়ী পাখিরাও আসা বন্ধ করে দিয়েছে। ২০২৩ সালে এডিডিএ প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে একটি ঘাট তৈরি করলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয়দের।
ভবানী পাঠক ছটপুজো সেবা সমিতির সদস্য রাকেশ সিং বলেন, ‘প্রোমোটারির জন্য জলাশয়টি কার্যত নরকে পরিণত হয়েছে। একটি মাত্র ঘাটে ১৫০টি পরিবারের ছটপুজো করা সম্ভব নয়। তাই মূল ঘাটের দু’পাশে মাটি কেটে অস্থায়ী সিঁড়ি তৈরি করে দু’টি ঘাট করা হয়েছে। জল দূষণমুক্ত করতে ব্লিচিং দেওয়া হচ্ছে। আমরা জেলাশাসকের কাছে আরও ঘাট তৈরি ও জলাশয়টি সংস্কারের দাবি জানিয়েছি।’
এ বিষয়ে জেলাশাসক জানান, ছটপুজোর আর মাত্র দু’দিন বাকি থাকায় এত কম সময়ে জলাশয় সংস্কার ও নতুন ঘাট তৈরি করা সম্ভব নয়। তবে আগামী দিনে এই জলাশয় সংস্কার ও নতুন ঘাট তৈরির বিষয়টি বিবেচনা করা হবে।