পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত আসানসোল জেলা হাসপাতাল, ব্যাহত চিকিৎসা পরিষেবা

আড়াইশো শয্যার আসানসোল জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতালে পরিকাঠামোগত নানা ঘাটতির জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মূল হাসপাতাল এবং সুপার স্পেশালিটি ভবন— এই দুই চত্বরের পাশাপাশি সম্প্রতি চালু হওয়া লেভেল টু ট্রমা সেন্টারের সামনে ও জরুরি বিভাগ চত্বরে সবসময় যানজট লেগে থাকছে। হাসপাতালের ভিতরে অবৈধ দোকানপাট, টোটো ও অটোর অবাধ যাতায়াতে রোগী ও তাঁদের পরিজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

হাসপাতালের সুপার তপন বিশ্বাস জানান, তিনি চার মাস আগে দায়িত্ব নিয়েছেন। দীর্ঘদিনের ডেপুটি বা সহকারী সুপারদের বদলি হওয়ায় নতুনদের সবটা বুঝে নিতে সময় লাগছে। হাসপাতালের অন্যতম বড় সমস্যা হলো ঘনঘন লোডশেডিং। জরুরি অস্ত্রোপচারের জন্য জেনারেটর থাকলেও সার্বিক বিদ্যুৎ বিভ্রাট মেটাতে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কাছে পৃথক জরুরি লাইনের প্রস্তাব পাঠানো হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে সেই ব্যবস্থা হবে বলে আশ্বাস মিলেছে।

পানীয় জল ও পরিচ্ছন্নতা নিয়েও তীব্র অসন্তোষ রয়েছে। সুপার জানিয়েছেন, দামড়ার জলপ্রকল্প থেকে হাসপাতালের জন্য জলের লাইন সংযোগের প্রস্তাব জেলাশাসককে দেওয়া হয়েছে। এছাড়া জলধার পরিষ্কারের জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে। যানজট নিয়ন্ত্রণে ট্র্যাফিক পুলিশ মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে ট্র্যাফিক ওসিকে।

ছুটির দিনে ফার্মেসি বন্ধ থাকায় রোগীদের ওষুধ না পাওয়ার সমস্যা দূর করতে নির্দেশিকা জারি করা হলেও শ্রম আইনের জটিলতায় তা পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। সুপার জানান, নিউরোসার্জনসহ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সিং সুপারের শূন্যপদ পূরণের চেষ্টা চলছে, যাতে রোগীদের অন্য জেলায় রেফার করার প্রবণতা কমে। রোগী কল্যাণ সমিতির বৈঠক ডেকে বাকি প্রস্তাবগুলি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *