উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন: ৪০৩ কেন্দ্রের নেতাদের নিয়ে লখনউয়ে বৈঠকে অখিলেশ যাদব

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে মাঠে নেমেছে সমাজবাদী পার্টি। শুক্রবার উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের দলীয় নেতাদের নিয়ে লখনউয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন দলের সভাপতি অখিলেশ যাদব। নির্ধারিত সময়ে ভোট হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। হাতে সময় কম থাকায় প্রস্তুতি চূড়ান্ত করতে চাইছে প্রধান বিরোধী এই দলটি।

দলীয় সূত্রে খবর, লখনউয়ের বৈঠকে মূলত নির্বাচনী প্রস্তুতি ও প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে প্রাথমিক দিকনির্দেশ দেওয়া হচ্ছে। বিধানসভা স্তরের স্থানীয় নেতাদের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীদের নামের প্রস্তাব নেওয়া হতে পারে। তবে দলের বর্তমান বিধায়কদের অধিকাংশই পুনরায় টিকিট পেতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। শুধু অসুস্থতার কারণে কয়েকজন বিধায়ক বাদ পড়তে পারেন। একই সঙ্গে প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ও তরুণ মুখকে প্রাধান্য দেওয়ার বিষয়েও অখিলেশ এগোচ্ছেন বলে জানা গিয়েছে।

এদিকে রাজ্যে আসাদউদ্দিন ওয়াইসির দল এবং দলিত নেতা চন্দ্রশেখর আজাদ রাবণের জোট ঘোষণার পর বিরোধী শিবিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। উত্তরপ্রদেশের মোট ভোটারের প্রায় ২০ শতাংশ সংখ্যালঘু এবং ২১ শতাংশ দলিত। শাসক দল বিজেপিকে চাপে ফেলতে বিরোধী শিবির মূলত এই দুই ভোটব্যাঙ্কের ওপর নির্ভরশীল। সংশ্লিষ্ট মহলের ধারণা, ওয়াইসি ও চন্দ্রশেখরের নতুন জোট এই সংখ্যালঘু ও দলিত ভোটে ভাগ বসালে বিরোধী ভোট বিভক্ত হতে পারে, যার সুবিধা পেয়ে যেতে পারে বিজেপি। এই সামগ্রিক পরিস্থিতির মধ্যেই দলের কৌশল স্থির করতে সক্রিয় হয়েছেন সপা নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *