উইকএন্ডে নামবে পারদ, শীতের আমেজ বাড়ার আগেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা তৈরি হয়েছে, যার দিকে নজর রাখছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। তবে এই সিস্টেমটি কতটা শক্তি সঞ্চয় করবে বা এর গতিপথ কোন দিকে হবে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট পূর্বাভাস মেলেনি। আবহাওয়াবিদদের মতে, সাগর থেকে আসা জলীয় বাষ্প রাজ্যে শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

ইনস্যাট-থ্রিডিএস উপগ্রহের ইনফ্রা-রেড ছবিতে দক্ষিণ বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে, যা পরবর্তী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে তার নাম হবে ‘আকভান’, যা ইরানের দেওয়া। যদিও মৌসম ভবন এ বিষয়ে এখনও কিছু জানায়নি।

অন্যদিকে, শীতের আমেজ নিয়ে সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবি ও সোমবারের মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভোরের দিকে ও গভীর রাতে শীতের আমেজ অনুভূত হচ্ছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে শুষ্ক আবহাওয়া ফিরবে। সোমবারের মধ্যে পার্বত্য ও উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে উত্তরের পাহাড় থেকে সমতল, সর্বত্রই শীতের আমেজ বাড়বে।

কলকাতার আবহাওয়া প্রসঙ্গে জানানো হয়েছে, সকালের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা কমায় মনোরম আবহাওয়া উপভোগ করবেন শহরবাসী। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *