চোখের জলে বিদায়, গঙ্গার ভরা জোয়ারে নিরঞ্জন নৈহাটির বড়মার
‘জয় বড়মা’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল নৈহাটির আকাশ-বাতাস। অরবিন্দ রোডের দুপাশে ছিল মানুষের ঢল, ছাদ ও বারান্দা থেকে ঝরে পড়ছিল ফুলের বৃষ্টি। এমন আবেগঘন আবহে বৃহস্পতিবার বিকেলে গঙ্গার ভরা জোয়ারে নিরঞ্জন হলো নৈহাটির শতাব্দীপ্রাচীন বড়মার।
এ দিন ভোর থেকেই বিসর্জনের প্রস্তুতি শুরু হয়। সকাল সাতটায় শাস্ত্রীয় বিধি মেনে পুজো সম্পন্ন হওয়ার পর, বেলা দশটা নাগাদ প্রতিমার গা থেকে খুলে নেওয়া হয় বহুমূল্য সোনা, রুপো ও হিরের অলঙ্কার। বিকেল তিনটে থেকে শুরু হয় ফুলের রাজবেশে সাজানোর পালা। এ বারের পুষ্পসজ্জায় পদ্মফুলের কারুকাজ ছিল বিশেষ আকর্ষণ। বিকেল চারটে নাগাদ মন্দির কমিটির যুগ্ম সম্পাদক তাপস ভট্টাচার্য বড়মাকে বরণ করেন। চারটে বত্রিশ মিনিটে মায়ের ঘট মাথায় নিয়ে তিনি গঙ্গার উদ্দেশে পা বাড়াতেই স্বেচ্ছাসেবকদের দড়ির টানে এগোতে শুরু করেন বড়মা।
নিরঞ্জন ঘিরে এ দিন সকাল থেকেই নৈহাটি শহর ছিল কার্যত অবরুদ্ধ। অরবিন্দ রোডের দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি, বেলা সাড়ে এগারোটা থেকে বন্ধ করে দেওয়া হয় নৈহাটি-চুঁচুড়া ফেরি চলাচল। বিসর্জন পর্ব মিটলে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পুনরায় জলপথ স্বাভাবিক হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কমিশনার অমিত কুমার সিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, বম্ব স্কোয়াড ও স্নিফার ডগ মোতায়েন ছিল। গঙ্গাবক্ষে স্পিডবোট নিয়ে টহল দেন এনডিআরএফ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।
বড়মার নিরঞ্জনের পর একে একে কদমকালী, গাঁজাকালী ও হকার কালী-সহ নৈহাটির অন্যান্য পুজোর প্রতিমা বিসর্জন হয়। গাঁজাকালীর মুকুট একটি বিজ্ঞাপনী হোর্ডিংয়ে আটকে যাওয়ায় সাময়িক বিপত্তি দেখা দেয়। এ দিন উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, চুঁচুড়ার বিধায়ক এবং বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ।