মালদহে জলাশয় থেকে উদ্ধার দুই বন্ধুর দেহ, খুনের অভিযোগ পরিবারের

মালদহের ইংরেজবাজার থানার কাজিগ্রাম এলাকায় তিন দিন ধরে নিখোঁজ থাকার পর আজ সকালে একটি জলাশয় থেকে দুই বন্ধুর দেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকদের নাম ভাস্কর চৌধুরী (২৮) এবং অনুপ চৌধুরী (২৬)। ভাস্কর কাজিগ্রামের বাসিন্দা এবং অনুপ খাসকোল এলাকার বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে দুই বন্ধু বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাননি। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা কাজিগ্রামের একটি জলাশয়ে দেহ দুটি ভাসতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে। জলাশয়ের পাশ থেকে একটি বাইকও উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত খুন। অনুপের পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে অনুপের জামাইবাবু তাঁকে খুনের হুমকি দিয়েছিলেন। এই ঘটনার পর থেকেই রহস্য দানা বেঁধেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।