শীতের আমেজে বাধা হতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, কী জানাল আবহাওয়া দফতর?
রাজ্যে ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। আগামী ৪ থেকে ৫ দিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
তবে শীতের এই আমেজে বাধা হয়ে দাঁড়াতে পারে নতুন একটি ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবার একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। রবিবারের মধ্যে এটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আকভান’। তবে এটি শেষ পর্যন্ত কোন উপকূলে আছড়ে পড়বে বা এর গতিপথ কোন দিকে হবে, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য দেয়নি হাওয়া অফিস। আবহাওয়াবিদরা পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন।