বাড়ির চায়ের স্বাদে দোকানের মতো ম্যাজিক আনতে চান? জেনে নিন সিক্রেট মশলার রেসিপি

বাড়িতে চা বানানোর পর বাড়ির সদস্যদের প্রশংসা পাচ্ছেন না? অনেক সময় দামি চা পাতা ব্যবহার করেও রাস্তার মোড়ের দোকানের মতো স্বাদ পাওয়া যায় না। এর পেছনে আসল রহস্য হলো একটি বিশেষ মশলা। রান্নাঘরের সাধারণ কিছু উপকরণ দিয়েই আপনি এই ম্যাজিক মশলা তৈরি করতে পারেন।
প্রয়োজনীয় উপকরণ: এই মশলা তৈরির জন্য ১০ গ্রাম গোটা গোলমরিচ, ১০ গ্রাম দারচিনি, ৫ গ্রাম লবঙ্গ, ৮ গ্রাম মৌরি, ২০ গ্রাম ছোট এলাচ, ৩-৪টি বড় এলাচ, ১৫ গ্রাম শুকনো আদা (গুঁড়ো বা গোটা), ১ চা চামচ জয়ত্রী, একটি ছোট টুকরো জায়ফল এবং কিছু তাজা তুলসী পাতা ও মঞ্জরি প্রয়োজন।
প্রস্তুত প্রণালী: প্রথমে কড়াইতে দারচিনি, গোলমরিচ, লবঙ্গ ও মৌরি হালকা আঁচে ৩০ সেকেন্ড ভেজে নিন। এরপর এতে ছোট ও বড় এলাচ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন। একই কড়াইতে তুলসী পাতা ও মঞ্জরি হালকা করে ভেজে নিন যাতে আর্দ্রতা না থাকে।
সব মশলা ঠান্ডা হলে তার সঙ্গে আদা গুঁড়ো, জয়ত্রী ও জায়ফল মিশিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিন। তবে খেয়াল রাখবেন, গুঁড়ো যেন খুব মিহি না হয়, কিছুটা দানাদার থাকলে চায়ের স্বাদ ভালো হয়। এই মশলা একটি শুকনো ও বায়ুরোধী কৌটোয় সংরক্ষণ করুন।
চায়ে ব্যবহারের নিয়ম: জল ফুটতে শুরু করলে তাতে চিনি, চা পাতা ও সামান্য এই মশলা মিশিয়ে নিন। এরপর দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুগন্ধি ও কড়া স্বাদের চা।